পেপার স্প্রে ব্যবহার কেন অবৈধ নয়
মানবদেহের ওপর পেপার স্প্রে ও রাসায়নিক স্প্রে ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।ইউনূস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, মানবদেহের ওপর পেপার স্প্রে ব্যবহার কেন অবৈধ হবে না—তা জানতে চেয়ে তিন সপ্তাহের রুল জারি করেছেন আদালত।মানবদেহের ওপর পেপার স্প্রে ব্যবহার বন্ধে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট করেন ইউনূস আলী আকন্দ।এর আগে ১৭ জানুয়ারি পেপার স্প্রে ছোড়া বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া। এতে পুলিশকে এ ধরনের গ্যাস ছোড়া বন্ধের অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালকের প্রতি এ নোটিশ পাঠানো হয়।