পেপার স্প্রে লাঠিপেটার বিকল্প
তরল গ্যাস ‘পেপার স্প্রে’ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটার বিকল্প হিসেবে পেপার স্প্রে ব্যবহার করা হচ্ছে।পেপার স্প্রের ব্যবহার নিয়ে সম্প্রতি বেশ সমালোচনা চলছে। এরই মধ্যে আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ এ কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের কোনো কনস্টেবল লাঠি নিয়ে তেড়ে আসছে, আর এটা পরের দিন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।’ তিনি দাবি করেন, এই গ্যাসের কারণে মানবদেহে নানা ক্ষতির যে আশঙ্কার কথা বলা হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। এশিয়ায় ভারতসহ ছয়টি দেশে পেপার স্প্রে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ইউরোপের ২০টি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি ব্যবহার করে।ডিএমপির কমিশনার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এই ‘অস্ত্র’ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে। আমদানির পর এ পেপার স্প্রের রাসায়নিক উপাদান দেশে পরীক্ষা করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দেশের কেমিস্টদের এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই।’ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিলসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।