পেপার স্প্রের ব্যবহার বন্ধে নির্দেশনা চেয়ে রিট
মানবদেহের ওপর পেপার স্প্রের ব্যবহার বন্ধে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে আজ রোববার হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আবেদনকারী হয়ে রিটটি করেন।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি হতে পারে বলে ইউনূস আলী আকন্দ জানিয়েছেন।রিট আবেদনে অন্তর্বর্তীকালীন ওই নির্দেশনার পাশাপাশি রুল জারির আরজি জানানো হয়েছে। মানবদেহের ওপর পেপার স্প্রের ব্যবহার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।পরে ইউনূস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ অনুসারে কারও ওপর অমানবিক বা ক্ষতিকর নির্যাতন করা যাবে না। অথচ মানবদেহের ওপর পেপার স্প্রে ব্যবহার করা হচ্ছে। এ কারণে রিটটি করা হয়েছে। আজ শুনানি হতে পারে।এর আগে ১৭ জানুয়ারি পেপার স্প্রে ছোড়া বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া। এতে পুলিশকে এ ধরনের গ্যাস ছোড়া বন্ধের অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালকের প্রতি এ নোটিশ পাঠানো হয়।