পেয়ালার দাম ২২ লাখ ডলার!
এক হাজার বছরের পুরোনো দুর্লভ একটি চীনা পেয়ালা ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নিলাম অনুষ্ঠানে পেয়ালাটি কিনে নেয় লন্ডনের গিউসেপ এসকেনাজি নামের একটি শিল্পকর্মের বাণিজ্যিক প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।এক হাজার বছরের পুরোনো পেয়ালাটি চীনের উত্তরাঞ্চলের তত্কালীন সং রাজবংশের সময়কার। ২০০৭ সালে নিউইয়র্কের একটি গাড়ি রাখার ঘর থেকে ১৩ সেন্টিমিটার চওড়া পেয়ালাটি মাত্র তিন মার্কিন ডলারে কিনে নেয় একটি পরিবার।নাম প্রকাশ না করার শর্তে পরিবারটির সদস্যরা জানান, পেয়ালাটির দাম এত বেশি হতে পারে, এ ব্যাপারে তাঁদের কোনো ধারণাই ছিল না। তাঁদের বাড়ির লিভিংরুমের একটি তাকে দীর্ঘদিন ধরে পেয়ালাটি সাজিয়ে রাখা ছিল। পরে এর সঠিক দাম নিয়ে কৌতূহল জাগে। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পেয়ালাটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন তাঁরা। গতকাল নিলামের আয়োজক প্রতিষ্ঠান সথবাইয়ের উদ্যোগে চীনা সামগ্রীর এক নিলাম অনুষ্ঠানে পেয়ালাটি ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।আয়োজক প্রতিষ্ঠানটি জানায়, এ রকম আরেকটি পেয়ালা ব্রিটিশ জাদুঘরে ৬০ ধরে রয়েছে।