রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মশিউর রহমানের শরীরে পেরেক মারা এবং তাঁর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের মতিহার থানা পুলিশ গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন অকট্রয়মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক ও এসআই পলাশচন্দ্র দেবনাথ জানান, মশিউর রহমান গত সোমবার রাতে আমীর আলী হলে ফেরার পথে ছাত্রলীগের কর্মী ফিরোজ ও তাঁর সহযোগীদের দ্বারা অতর্কিত হামলার শিকার হন। এ ছাড়া গত ৭ আগস্ট ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পেরেক মারা ও হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকাসহ আগে দায়ের করা মামলায় ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও তাঁরা উল্লেখ করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত হওয়া কমিটির সভাপতি আওয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে বর্তমানে ছাত্রলীগের কমিটি না থাকায় এ ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে। ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন অপতত্পরতা চালানোসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।উল্লেখ্য, মশিউর রহমান তাঁর মাস্টার্সের মৌখিক পরীক্ষা শেষ করে গত সোমবার রাত আটটার দিকে আমীর আলী হলে ফিরছিলেন। এ সময় ছাত্রলীগের কর্মী ফিরোজের নেতৃত্বে ১০-১২ জন কর্মী পেছন থেকে এসে তাঁর ওপর হামলা চালান। মশিউরকে পেটানোর পর ছাত্রলীগের কর্মীরা তাঁর পায়ে ও হাতে পেরেক মারেন। এ সময় মশিউরের চিত্কারে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের কয়েকজন দোকানদার এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে আহত হন স্টেডিয়াম মার্কেটের শতরূপা স্টুডিওর মালিক জামিল আহমেদ। পরে ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে এসে মশিউরকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্র এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় পুলিশ সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে। মাজেদুল ইসলাম বর্তমানে জেলহাজতে রয়েছেন।