পেলে-ম্যারাডোনা-ক্রুইফের জন্য অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখা যখন পড়ছেন, তার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপ। চারটি বছর ধরে কত জল্পনা-কল্পনা, কত হিসেব-নিকেশ; সবকিছুর জবাব হাতে আসতে শুরু হবে আজ।চার বছর বললাম বটে, আসলে গত কয়েকমাস ধরে আলোচনাটা তুঙ্গে উঠে গিয়েছিল—বিশ্বকাপে কি হবে, কারা জিতবে, কারা ভালো খেলবে? এসব গতবাঁধা প্রশ্নের সঙ্গে এবার দেখলাম, কৌশল নিয়ে খুব আলোচনা চলছে। ব্রাজিল কি আর ‘সুন্দর ফুটবল’ খেলবে না, স্পেন কি বিশ্বকাপেও এরকম ফুটবল খেলবে, আর্জেন্টিনা কি আক্রমনাত্মক খেলবে? এসব প্রশ্নেরও জবাব পাওয়ার পালা এখন। জবাব কি আসবে সেটা তো সবাই দেখবেন। আমরা বরং একটু অনুমান করার চেষ্টা করি, এবার বিশ্বকাপে কৌশলের দিক থেকে নতুন কি দেখব আমরা। আমি কাউকে হতাশ করতে চাই না, তারপরও বলি, এক্কেবারে নতুন কোনো কৌশল দেখার সম্ভাবনা নেই। সম্ভাবনা আছে সৃজনশীলতায় নতুনত্ব দেখতে পাওয়ার। আসলে ‘নতুন’ কিছু তো বিশ্বকাপ দেখেছে হাতে গোনা মাত্র কয়েকবারই।বিশ্বকাপের শুরুতে ফুটবলের কৌশল বলতে সেই সবাই মিলে গোল করতে চাওয়া! মানুষের আদিম প্রবৃত্তি, ফুটবল পায়ে পেলে গোল করার চেষ্টা; সেটাই ছিল ১৯৫৪ সাল পর্যন্ত। ফর্মেশনের হিসাব করতে গেলে প্রথম কয়েকটি বিশ্বকাপে একই চেহারা ছিল—২-৩-৫; দুজন ব্যাক, তিনজন হাফ ও পাঁচজন ফরোয়ার্ড। সময়ের সঙ্গে সঙ্গে এর মধ্যে গতি ও শক্তির একটু কম-বেশি হলো। কিন্তু ১৯৫৪ সাল পর্যন্ত কৌশলের কোনো পরিবর্তন বিশ্বকাপে পাওয়া গেল না।সেটা পাওয়া গেল ১৯৫৮ বিশ্বকাপে এসে। পাওয়া গেল মানে কি! পুরো দুনিয়া চমকে গেল। ফুটবল কৌশলে এক নতুন ঝড় নিয়ে এই বিশ্বকাপে এল ব্রাজিল। ৪-২-৪ ছকে দুর্দান্ত ছন্দের ফুটবল খেলল তারা। ১৯৫৮-এর বিশ্বকাপে শুধু পেলেদের আবির্ভাব হলো না, নতুন এই ফুটবল দিয়ে ব্রাজিল মুগ্ধ করে ফেলল বিশ্বকে।এই বিশ্বকাপ এটাও বুঝিয়ে দিল, ছক যা-ই হোক না কেন, সেটার রূপায়ণ করতে দক্ষ ও যোগ্য খেলোয়াড় দরকার। ব্রাজিল পেরেছিল, কারণ সান্টোস, ভাভা, দিদি, গারিঞ্চার মতো মহাপ্রতিভাধর খেলোয়াড় ছিলেন দলে। তাঁদের ওপর ভরসা করেই কোচ ফিওলা দারুণ আক্রমণাত্মক নতুন এই ফর্মেশনে ফুটবল খেলালেন।আর যেকোনো নতুনত্ব যদি সাফল্য এনে দিতে পারে, তাহলে আর তার গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ থাকে না। পেলে-গারিঞ্চারা ব্রাজিলের নতুন এই ফর্মেশনে চূড়ান্ত সাফল্য পেলেন, জিতলেন বিশ্বকাপ শিরোপা। ব্রাজিলের দারুণ এই সাফল্যের কারণে দুনিয়াজুড়ে রাতারাতি সবাই নিজের করে নিতে চাইল এই ফর্মেশনকে। বড় বড় ফুটবলীয় দেশ তো বটেই, আমাদের উপমহাদেশেও সেই ফুটবলের ঢেউ এসে লাগল। অলিম্পিকে নতুন এই ফর্মেশনে ফুটবল খেলল ভারতও।পরের দুটি বিশ্বকাপ, ১৯৬২ ও ১৯৬৬ সালেও, ওই ৪-২-৪ ছকের ব্যবহার দেখল বিশ্বকাপ। ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল দলকে অনেকেই ইতিহাসের অন্যতম সেরা ফুটবল দল বলে মনে করেন। টোস্টাও, আলবার্তো, জেয়ারজিনহো, রিভেলিনো, পেলেরা দারুণ সৃজনশীলতা, দক্ষতা ও নান্দনিকতার এক নতুন মাত্রা যোগ করলেন ফুটবলে। কিন্তু সেই অর্থে নতুন কৌশল কিছু বের হলো না। সেই ব্রাজিলেরই আবিষ্কার করা পুরোনো ছক। ছক পুরোনো বলে খেলাটা আবার ‘পুরোনো’ বলে ভেবে বসবেন না। এখনো ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মনোহর খেলাগুলো খুঁজে বের হলে, আপনাকে সেই সত্তরেই ফিরে যেতে হবে। আসলে সত্যি কথা বললে বলতে হয়, ৪-২-৪ ফর্মেশনের চূড়ান্ত ও নিখুঁত একটা রূপায়ণ করেছিল সেবার ব্রাজিল। বিশ্বকাপ আবার নতুন কিছু দেখল ১৯৭৪ বিশ্বকাপে। একই সঙ্গে দুটি দল নতুন ফুটবলীয় কৌশল দিয়ে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিল বিশ্বে। প্রথমেই বলতে হবে ক্রুইফের নেদারল্যান্ডের কথা। হল্যান্ড কোচ রাইনাস মিশেলস এই বিশ্বকাপে নিয়ে এলেন ‘টোটাল ফুটবল’।এই ফুটবলে রক্ষণ, মাঝমাঠ আর আক্রমণভাগের কোনো বিভাজন রইল না। যখন যে আক্রমণে যাবেন, তাঁর জায়গা নেবে অন্য কেউ। তখনো পর্যন্ত ফুটবল-দুনিয়া এমন কৌশলের কথা কল্পনাও করতে পারেনি। আয়াক্সের মাঠে ক্রুইফকে নিয়ে যে ফুটবলের পরিকল্পনা করেছিলেন, সেটা জার্মানিতে এসে করে দেখালেন মিশেল।আবার আমরা বুঝতে পারলাম, নতুন কিছু সফলভাবে করতে চাইলে হাতে সেই মানের খেলোয়াড় দরকার। মিশেলের ‘টোটাল ফুটবল’ বাস্তবায়িত হতে পারল ক্রুইফ, নিসকেন্স, ক্রল, অঁরি হানের মতো খেলোয়াড় দলে থাকায়। বিশ্বকে মুগ্ধ করে ফেলল এই ফুটবল, সমস্ত বিশ্ব তাদের জয়গান গাইল; কিন্তু শেষ লড়াইয়ে হেরে গেল তারা পশ্চিম জার্মানির কাছে।এই হারে এখনো অনেকে অবাক হন। মনে করেন, একটা নতুন কৌশল বুঝি প্রথাগত কিছুর কাছে হেরে গেল। তা হবে কেন! জার্মানিও তো সেবার দারুণ এক নতুনত্ব নিয়ে এল বিশ্বকাপে। ঠিক জার্মানি নয়, নতুনত্বটা নিয়ে এলেন আসলে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।ক্যারিয়ারের শুরু করেছিলেন ফরোয়ার্ড হিসেবে। এরপর মিডফিল্ড, তারপর খেলা শুরু করলেন ডিফেন্সে। আর ১৯৭৪ বিশ্বকাপে আমরা দেখলাম ‘লিবেরো’ হিসেবে মাঠে নামা এই জার্মান কিংবদন্তিকে। ডিফেন্সের পেছন থেকে ছায়া দৌড় শুরু করতেন, হঠাৎই উঠে অংশ হয়ে যেতেন আক্রমণের। শুধু বেকেনবাওয়ারের কারণেই নতুন একটা কৌশল মাঠে নামিয়ে ফেলল জার্মানি। এবং জার্মানি ষোলো আনা সফল। অনেকে অবশ্য মনে করেন, জার্মানির এই সাফল্যের দাপটে ‘ব্যর্থ’ হয়ে গেছে টোটাল ফুটবল। মোটেও না। বরং সেই ১৯৭৪ সাল থেকে এই পর্যন্ত পুরো পৃথিবী যে ফুটবল খেলছে, সেটা ওই দুইয়েরই মিশেল। টোটাল ফুটবল ও ব্রাজিলের ১৯৫৮ সালের ফুটবলের মিশ্রণেই চলছে এখনকার আধুনিক ফুটবল।গত বেশ কিছুকাল ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আক্রমণাত্মক ফর্মেশন হয়ে আছে ৪-৪-২, যেটি আসলে ওই ফুটবলের ইম্প্রোভাইজেশন। সেই ১৯৭৪ সালের পর নতুন কোনো কৌশল আর আসেনি বিশ্বকাপে বা বিশ্ব ফুটবলে। নানা ধরনের ইম্প্রোভাইজেশন হচ্ছে। সবচেয়ে বড় যে উদ্ভাবনটা হলো, সেটা হলো কাউন্টার অ্যাটাক। যেটি সবচেয়ে কার্যকর প্রয়োগ দেখাল ইতালি। কিন্তু মজার ব্যাপার হলো, ইদানীং পাল্টা আক্রমণেও সবচেয়ে ভালো করল যে দলটি, সেটির নামও ব্রাজিল।একেবারে নতুন কৌশল না এলেও এখনো চলছে নানা ধরনের উদ্ভাবন। গতি বাড়ছে, শক্তি বাড়ছে। এবারও বিশ্বকাপ হয়তো নতুন কিছু নিয়ে আসবে। তবে সবটাই নির্ভর করছে, কার হাতে কত দক্ষ খেলোয়াড় আছে। আপনার হাতে একজন ম্যারাডোনা বা পেলে কিংবা নিদেনপক্ষে জিদান-রোনালদো না থাকলে, কোনো ইম্প্রোভাইজেশন করে লাভ নেই।সেই বিবেচনায় ইম্প্রোভাইজেশনের জন্য লাতিনদের দিকেই চেয়ে থাকতে হবে। এটা ঠিক যে বিশ্বকাপ-সাফল্যে লাতিন ও ইউরোপ এখন সমান সমান (৯টি করে শিরোপা)। কিন্তু ব্যক্তিগত নৈপুণ্য বা উদ্ভাবনী ক্ষমতা দেখতে হলে লাতিনদের দিকেই তাকিয়ে থাকতে হবে।লাতিন ফুটবলারদের জন্ম ও বেড়ে ওঠার ধরনই তাদের বল নিয়ে অনেক বেশি কারুকাজ করতে শেখায়। আবহাওয়াও হয়তো ভূমিকা রাখে। ফলে উদ্ভাবনী কিছু করা তাদের জন্য সহজ। বেকেনবাওয়ার, ক্রুইফের মতো ব্যতিক্রমকে বাদ দিলে ইউরোপ থেকে সেটা আশা করা মুশকিল।ফলে এবারও আমরা মেসি, কাকাদের দিকে চেয়ে থাকব উদ্ভাবনী, সৃজনশীল ফুটবল দেখার জন্য। অবশ্য আমার এসব কথার অর্থ কোনোক্রমেই ইউরোপিয়ান ফুটবলকে ছোট করা নয়। ইউরোপিয়ান ফুটবলেও এক ধরনের ‘সৌন্দর্য’ আছে।জানি, অনেকেই এ কথায় আপত্তি করবেন। আসলে সাধারণ দর্শকের কাছে ফুটবলের সৌন্দর্য মানেই বল পায়ে ড্রিবলিং করা, একা একা বল নিয়ে ডিফেন্স চিরে চলে যাওয়া। আজকের দিনের ফুটবল সেই সুযোগ খুব একটা দেয় না। ফলে ইউরোপিয়ান লিগের কোচরা পরিস্থিতির চাহিদামতো নতুন নতুন ইম্প্রোভাইজেশন করেন।এদিক থেকে দেখলে হোসে মরিনহো ইন্টার মিলানকে এবার যে ফুটবল খেলালেন, সেটিতেও আপনি সৌন্দর্য খুঁজে পাবেন। রক্ষণের সৌন্দর্য। আর এখানেই এখন একাকার হয়ে গেছে লাতিন-ইউরোপিয়ান ফুটবল। আসলে সেই অর্থে আজকের দিনে আর ইউরোপিয়ান-লাতিন ফুটবলকে সে রকমভাবে আলাদা করা যায় না। লাতিনরা পেলে-ম্যারাডোনার মতো চোখ-জুড়ানো খেলা খেলবেন আর ইউরোপিয়ানরা যন্ত্রের মতো খেলবে—এ ধারণা সেকেলে হয়ে গেছে। এখন সারা বছর যেভাবে লাতিন ফুটবলাররা ইউরোপে ফুটবল খেলেন, তাতে দুই ধারা মিলেমিশে গেছে। জাতীয় দলেও সেই মিশ্রণের ছাপ পড়ে। তার পরও কোথায় যেন একটু ভিন্নতা তৈরি হয়ে যায়। ওই ভিন্নতাটা তৈরি করে দেয় কোচের মানসিকতা। তিনি যে ফুটবল খেলাতে চান, সেটা ফুটে ওঠে মাঠে। আর লাতিন কোচরা স্বভাবতই একটু সৃজনশীল ফুটবল খেলানোর পক্ষে।শেষ পর্যন্ত কোন কোচ কতটা নতুনত্ব উপহার দেবেন, সেটা জানতে অপেক্ষাই করতে হবে আমাদের। তবে আবারও বলি, নতুন কিছু করতে চাইলে কোচের হাতে সেই মাপের খেলোয়াড় থাকতে হবে। সবকিছু নির্ভর করে আরেকজন পেলে-ম্যারাডোনা বা বেকেনবাওয়ার আসেন কি না, তার ওপর।