পেশওয়ারে আত্মঘাতী হামলায় নিহত ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশওয়ার শহরে আজ বুধবার আত্মঘাতী হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। ডন অনলাইনের খবরে বলা হয়েছে, শহরের মাতানি এলাকায় এক নারীর জানাজা চলাকালে ওই হামলা চালানো হয়। পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করেছে। ডন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসাইনের উদ্ধৃতি দিয়ে জানায়, বিস্ফোরণে অন্তত ৩৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশপ্রধান গাফফার খান জানিয়েছেন, তালেবানবিরোধী একজন মিলিশিয়ার স্ত্রীর জানাজায় উপস্থিত লোকজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তালেবান যোদ্ধারা প্রায়ই মিলিশিয়াদের লক্ষ্য করে এ ধরনের হামলা চালায়।পেশওয়ারের শীর্ষ প্রশাসক সিরাজ আহমেদ রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, বিস্ফোরণের আগে ওই আত্মঘাতী হামলাকারী শোকার্তদের সঙ্গে মিশে যায়। গতকাল মঙ্গলবার ফয়সালাবাদে একটি সেনা নিয়োগ কেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছিল। এর পরের দিনই আজ আবার আত্মঘাতী হামলা হলো। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ডেরা বুগতি শহরের কাছে আজ স্থল মাইন বিস্ফোরণে চার বেলুচ আদিবাসী নিহত ও ১৫ জন আহত হয়েছে।