২৮ জুলাই। ঘটনাস্থল—ঢাকার তৃতীয় শ্রম আদালত। সময় তখন আনুমানিক বেলা সাড়ে ১১টা। আদালত চলছে পুরোদমে। মাসুদ হোসেন ছিলেন দুটি মামলায় (বিএলএল ফৌজদারি-২৫৪/১১ ও ২৫৫/১১) আসামি পক্ষের আইনজীবী। দরখাস্ত দিয়ে সেদিন তিনি তাঁর দুই মক্কেলের জামিন চাইলেন। জামিনের আবেদন শুনানি শেষে আদালত বললেন, চেম্বারে গিয়ে আদেশ দেবেন। এরপর পেশকার নুরুজ্জামানের চিন্তিত মুখে ছোটাছুটি দেখে মাসুদ হোসেন তাঁর কাছে জামিনের বিষয়টি কত দূর কী হলো, জানতে চান। পেশকার তখন জানান, ‘আসামিদের হয়তো কাস্টডিতে নেওয়া হতে পারে। শুনে মাসুদ হোসেন মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কারণ, দুই আসামির একজন যে আবার বিদেশি। অন্যজন দেশি উচ্চপদস্থ কর্মকর্তা। এরই মধ্যে এক ফাঁকে পেশকার দেশি আসামিকে টাকার প্রস্তাব দেন। এ সময় মাসুদ হোসেন সেখানে উপস্থিত হলে বিষয়টা কী জানতে চান। কিন্তু পেশকার তা বলতে অনীহা প্রকাশ করেন। পরে জোরাজুরিতে বললেন, ‘আনুমানিক ৫০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে।’এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইনজীবী মাসুদ হোসেন ৩১ জুলাই বিষয়টি লেবার কোর্ট লইয়ার্স সোসাইটিকে অবহিত করেন। ৭ আগস্ট ওই সোসাইটির পক্ষ থেকে তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যানের কাছে ওই অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। আবেদনপত্রে সাত দিনের মধ্যে পেশকার নুরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ‘আইন অধিকার’কে বলেন, ‘বিষয়টি আমি দেখছি। এটা এখন তদন্তের পর্যায়ে আছে। তা ছাড়া ঢাকা লেবার কোর্ট লইয়ার্স সোসাইটির সভাপতির সঙ্গে এ বিষয়ে আমার কথাও হয়েছে।’সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গটি তুললে তিনি জানালেন, ‘সাত দিনের প্রত্যেক দিন তো কর্মদিবস ছিল না। তা ছাড়া তথ্যগুলো তো সংগ্রহ করতে হবে। যাঁদেরকে তদন্তের দায়িত্ব দিয়েছি, তদন্ত সম্পাদন ও প্রতিবেদন জমাদানের জন্য তো তাঁদের যুক্তিসংগত একটা সময় দিতে হবে।’ এ প্রসঙ্গে পেশকার নুরুজ্জামান জানান, ‘আমার বিরুদ্ধে আনা ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’