পেশা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা
গত কয়েক বছরে আমাদের দেশের পেশার ক্ষেত্রে এক ধরনের বিপ্লব ঘটে গেছে। সময় বদলের সঙ্গে সঙ্গে পেশার ক্ষেত্রেও এসেছে অনেক পরিবর্তন। পেশা নিয়ে কয়েক বছর ধরেই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও সৃজনশীলতার প্রকাশ লক্ষ করা গেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তরুণেরা নানা ধরনের পেশায় জড়িয়ে পড়ছেন। এখনকার তরুণদের কোন চাকরির দিকে ঝোঁক বেশি, তা খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।তরুণেরা যা ভাবছেন: এখনকার তরুণেরা একদিকে যেমন প্রচলিত পেশার দিকে ঝুঁকছেন, তেমনি নানা ধরনের সৃজনশীল ও চ্যালেঞ্জিং পেশাও বেছে নিচ্ছেন। অনেকেই সুবিধাজনক পেশা বেছে নিয়ে যেমন চিন্তামুক্ত থাকতে পছন্দ করেন, তেমনি অনেকেই নিজেদের স্বকীয়তা ঠিক রেখে মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে পেশাজীবন শুরু করতেও ইচ্ছুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী হুসাইন মোহম্মদ রায়হান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে আইন ব্যবসায় জড়ানোর ইচ্ছা আছে।’একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী আসিফ হোসেন জানান, পড়ালেখা শেষ করে দেশে কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।এখন অনেক তরুণ ছাত্র থাকা অবস্থায় নানা ধরনের খণ্ডকালীন চাকরি করছেন। এর মধ্যে রয়েছে সংবাদপত্র বা ইলেকট্রনিকস মাধ্যম, জরিপ ও গবেষণাপ্রতিষ্ঠান, মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান, বিক্রয়, বিপণনসহ আরও নানা ধরনের খণ্ডকালীন পেশা।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আকন্দ মোহাম্মদ জাহিদ সাংবাদিকতা পেশাকে বেছে নিতে আগ্রহী। তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ জন্য তিনি নিজেকে এখন থেকে সেভাবেই তৈরি করছেন বলে জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রানা আব্বাস স্নাতক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এই শিক্ষার্থীর লক্ষ্য গবেষণায় নিজেকে নিয়োজিত করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল জাহান জানান, স্নাতক পরীক্ষা শেষ করে বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছে তাঁর। তিনি জানান, এই পেশা যেমন সম্মানজনক তেমনি এই চাকরির নিরাপত্তাও রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার্থী দেবপ্রসাদ পালের লক্ষ্যও একই। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী রোদেলা রহমান নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এখন আমাদের দেশে নানা ধরনের বহুজাতিক প্রতিষ্ঠান বাড়ছে। এসব প্রতিষ্ঠানে মেধাবী তরুণেরা কাজ করছেন আবার অনেকেই স্বপ্ন দেখেন এসব প্রতিষ্ঠানে কাজ করার। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন আল-আমিন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হওয়ার সময় থেকেই ভালো কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছা। এসব প্রতিষ্ঠানে যেমন আকর্ষণীয় বেতন, তেমনি কাজের উন্নতি ঘটিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করারও সুযোগ রয়েছে বলে জানান তিনি।বিভিন্ন প্রচলিত পেশায় না গিয়ে অনেকেই হাঁটতে চান ভিন্ন পথে। পেশা হিসেবে এখন অনেক তরুণ আউটসোর্সিংকে (দেশে বসে বিদেশের কাজ) পেশা হিসেবে বেছে নিচ্ছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগ থেকে পড়ালেখা শেষ করে আউটসোর্সিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন জাকারিয়া চৌধুরী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অনেকেই সরকারি বিভিন্ন চাকরি, সরকারি ও বেসরকারি ব্যাংক, এনজিও, সফটওয়্যার প্রতিষ্ঠান, গবেষণামূলক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু বিসিএস পরীক্ষার মাধ্যমে মর্যাদাপূর্ণ কোনো চাকরি।বিশেষজ্ঞদের মত: এখনকার তরুণদের পেশা-ভাবনার শুরুটা মূলত শিক্ষাজীবন থেকেই শুরু হয়। যাঁরা এই ভাবনায় বেশি জোর দেন, তাঁরাই পেশাজীবনে সফলতা অর্জন করেন। গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন জানান, আমাদের দেশে প্রতিবছর যতসংখ্যক চাকরির ক্ষেত্র তৈরি হয়, তার থেকে বেশি তরুণ পড়ালেখা শেষ করে চাকরি খোঁজেন। তবে দৌড়ে এগিয়ে থাকেন সেই তরুণেরা, যাঁরা শিক্ষাজীবনেই পেশার প্রতি জোর দিয়েছেন। তবে এখনকার অনেক তরুণ বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক ও মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের দিকে আগ্রহী বলে জানালেন এম জুলফিকার হোসেন।ব্র্যাক ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ত্যাহনিয়াত এ করিমও একই মত দিলেন। তিনি বলেন, এখন যেমন নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, তেমনি কাজের পরিধিও বাড়ছে। তাই শিক্ষাজীবনের শুরু থেকেই তরুণদের পেশা নিয়ে ভাবতে হবে ও সে লক্ষ্যে কাজ করতে হবে।এগিয়ে রাখতে হবে নিজেকে: পেশাজীবনে ভালো করতে গেলে সব সময় নিজেকে এগিয়ে রাখতে হবে। এম জুলফিকার হোসেন জানান, শিক্ষাজীবনের শুরু থেকেই পেশা নিয়ে ভাবতে হবে। এ জন্য যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ বাড়াতে হবে। তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক, সেই প্রতিষ্ঠানের মূল্যবোধ, লক্ষ্য ও উদ্দেশ্য আত্মস্থ করতে হবে। পেশায় ভালো করতে সারা জীবনময় শেখার মানসিকতা থাকতে হবে।ত্যাহনিয়াত এ করিম বলেন, শিক্ষাজীবনের শুরুতে নানা ধরনের প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলে পেশাজীবনে তরুণদের অনেক কাজে লাগে। ভালো চাকরি পাওয়ার জন্য এই অভিজ্ঞতা অনেক সহায়ক বলে মনে করেন তিনি। যে প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক সে প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন জ্ঞান থাকাও একটি বড় দক্ষতা বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া খণ্ডকালীন চাকরি পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ চাকরি পেতে সহায়ক হয়।লক্ষ রাখুন: চাকরি খুঁজতে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও চাকরির ওয়ব পোর্টাল দেখুন।বিভিন্ন চাকরির বিষয়ে ধারণা নিতে অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য নিন।পেশাজীবনে সফলদের জীবনী ও সফলতার কৌশল সম্পর্কে জানুন।বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য খোঁজখবর রাখুন।আত্ম-উন্নয়নে বিভিন্ন কর্মশালায় অংশ নিন।প্রতিবেদনটি তৈরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তথ্য নিয়েছেন কুদরত-ই-খুদা, নাজমুস সাকিব ও সুজন ঘোষ।