পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)|বস্ত্রকৌশল আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স করছি। দেশে ও বিদেশে এ পেশার কেমন চাহিদা আছে? ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে উচ্চতর ডিগ্রির প্রয়োজন আছে কি? বিশ্ববিদ্যালয়ে স্নাতক অধ্যয়নকালে বস্ত্র কারখানাগুলোয় অভিজ্ঞতা অর্জনের কোনো সুযোগ আছে কি না? খায়রুল আলম, পুলহাট, দিনাজপুর।পরামর্শ: বস্ত্রকৌশল থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সরকারি-বেসরকারি বিভিন্ন বস্ত্র কারখানায় চাকরির সুযোগ রয়েছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু হয়েছে। দেশের বাইরে বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন ও যুক্তরাষ্ট্রে এই বিষয়ের চাহিদা রয়েছে। পেশা গড়তে বস্ত্রকৌশলে আপনি স্নাতক কোর্স করে নিতে পারেন। বস্ত্র প্রকৌশলীরা স্পিনিং, উইভিং ও তৈরি পোশাক কারখানায় কাজ করতে পারেন। এ ছাড়া মার্চেন্ডাইজিং, মান নিয়ন্ত্রণ, ডাইং, ফিনিশিং, প্রসেসিং ইত্যাদি বিভাগে সুযোগ আছে। একজন বস্ত্র প্রকৌশলীকে ইংরেজি ও কম্পিউটারে দক্ষ হতে হবে। শিক্ষাজীবনে বস্ত্র প্রকৌশলীরা বিভিন্ন প্রকল্প ও কারখানা পরিদর্শন করে থাকেন। সেগুলো মনোযোগ দিয়ে দেখে নিলে কাজ সম্পর্কে কিছুটা বাস্তব ধারণা হয়। তার পরও আপনি যেকোনো টেক্সটাইল মিলে শিক্ষানবিশ হিসেবে কাজ করলে পেশাগত উন্নয়ন হবে। পরামর্শ দিয়েছেন—কে এ মাহমুদুন্নবী, মহাব্যবস্থাপক, স্কয়ার নিট ফেব্রিক্স।হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন আমি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে জিপিএ ৩.৯০ ও ৪.২০ পেয়েছি। ভবিষ্যতে হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন বিষয়ে পড়তে চাই। বর্তমানে বাংলাদেশের বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়? পেশা হিসেবে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম কতটুকু সম্মানের।তানজীব রুবাইয়াত্, ঢাকাপরামর্শ: বর্তমান যুগে বিশেষায়িত অনেক পেশারই চাহিদা বাড়ছে। হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন বিষয়ের চাহিদা এখন দেশে ও বিদেশে বেশি। যেহেতু বাংলাদেশে বর্তমানে অনেক বিশ্বমানের হোটেল ও রিসোর্ট গড়ে উঠছে তাই হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনের চাহিদাও দেশেই রয়েছে। এ শিল্পে দুই ধরনের কাজ রয়েছে। প্রথমটি অপারেশন যেমন অভ্যর্থনা, হাউসকিপিং ইত্যাদি এবং দ্বিতীয়টি অফিস ব্যবস্থাপনা। এর অধীনে স্বাভাবিক অফিস কর্মকাণ্ড পরিচালিত হয়। দুটি ক্ষেত্রেই হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজমের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, এ ক্ষেত্র তীব্র প্রতিযোগিতাপূর্ণ। বিদেশেও বাংলাদেশি সনদের মূল্যায়ন হয়। বিশেষ করে এনএইচটিটিআইয়ের ১৮ সপ্তাহ থেকে এক বছর মেয়াদি যেসব কোর্স রয়েছে তার চাহিদা ব্যাপক। বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউট হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনের ওপর কোর্স করিয়ে থাকে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনের ওপর কোর্স করিয়ে থাকে। এ ব্যাপারে আপনি বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বিভিন ওয়েবসাইটে খবর নিতে পারেন।হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনে পেশা গড়তে হলে ফলাফল খুব বেশি প্রভাব ফেলে না। আকর্ষণীয় ব্যবহার, চারিত্রিক বৈশিষ্ট্য, উপস্থাপন ক্ষমতা, করিত্কর্মা ইত্যাদি গুণ থাকতে হবে। পরামর্শ দিয়েছেন—এম এ আউয়াল, পরিচালক, বিক্রয়, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা।