পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।ব্যাংকআমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ পড়ছি। আমি একজন ব্যাংকার হতে চাই। বিবিএ পাস করে ব্যাংকার হতে পারব কি না? চাকরির বাজারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএর মূল্য কেমন? বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় চাহিদা কেমন? শেখ মিলন মাহামুদ, গোপালগঞ্জ। পরামর্শ: ব্যাংকে চাকরির জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা বিষয় জরুরি নয়। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে ব্যাংকে চাকরির জন্য আবেদন করা যায়। ব্যাংকের চাকরির পরীক্ষায় ভালো করার জন্য এসএটি ও জিএমএটিতে ভালো ফলাফল থাকতে হবে। তা ছাড়া বিভিন্ন ধরনের ‘সফট স্কিল’ থাকতে হবে। ব্যাংকের চাকরির পূর্বশর্তগুলোর মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য, নৈতিকতা, সামাজিকতা ও মানুষের সঙ্গে মেশার ক্ষমতা অন্যতম। ব্যাংকে বিভিন্ন বিভাগে (যেমন: ক্যাশ, গ্রাহক সম্পর্ক) ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ও জুনিয়র অফিসার ইত্যাদি পদে কর্মজীবন শুরু করা যায়। ব্যাংকে চাকরি পেতে হলে প্রথমে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানভেদে দুই থেকে তিনটি সাক্ষাত্কার নেওয়া হয়ে থাকে। নিজেকে প্রস্তুত করার জন্য আপনি বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেখে নিতে পারেন। এ জন্য যেকোনো একটি ব্যাংকের শাখায় গিয়ে বিভিন্ন বিভাগের কাজ সম্পর্কে ধারণা নিতে পারেন। নিজেকে যোগ্যতাসম্পন্ন করে তুললে যেকোনো প্রতিষ্ঠানে আপনার চাকরিই আপনার জন্য সহজ হয়ে যাবে।পরামর্শ দিয়েছেন—তাহিনয়্যাত আহমেদ করিম, মানবসম্পদ প্রধান, ব্র্যাক ব্যাংক লিমিটেডবিমান চালনাআমি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০১০ সালের এসএসসি পরিক্ষার্থী। আমার প্রশ্ন, বৈমানিক বা পাইলট হতে কী কী যোগ্যতা প্রয়োজন এবং এসএসসিতে উচ্চতর গণিত কি বাধ্যতামূলক থাকতে হবে? পাইলট হওয়ার জন্য কত মাস বা বছর সময় লাগবে এবং খরচ কত লাগবে? কোনো একটি ফ্লাইং ক্লাবের পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর জানতে চাই।তরুণ সরকার, খুলনা।পরামর্শ: আপনি বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএবি) অথবা বাংলাদেশ বিমানবাহিনীর মাধ্যমে বৈমানিক হতে পারেন। বাণিজ্যিক বৈমানিক একটি আকর্ষণীয় ও সম্মানজনক পেশা। সিএএবি কর্তৃক স্বীকৃত ফ্লাইং একাডেমি রয়েছে, যা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। সিভিল বাণিজ্যিক বৈমানিক হওয়ার জন্য একাধিক ধাপ রয়েছে।যেমন: ১. স্টুডেন্ট পাইলট লাইসেন্স ২. প্রাইভেট পাইলট লাইসেন্স এবং ৩. কমার্শিয়াল পাইলট লাইসেন্স। এ ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। ৩৫০ ঘণ্টার গ্রাউন্ড ক্লাস সমাপ্ত করতে হবে। সিএএবি কর্তৃক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ২০০ ফ্লাইট আওয়ার সমাপ্ত করতে হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।বিভিন্ন ধাপের খরচভেদে ফ্লাইং একাডেমি বা অন্য যেকোনো বেসরকারি বিমান প্রশিক্ষণ কেন্দ্রে আনুমানিক পাঁচ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন হবে। একজন বাণিজ্যিক বৈমানিক বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সেবা প্রদানের সুযোগ পায়। বর্তমানে দেশে ও বিদেশে এ পেশার যথেষ্ট চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার মতে (দি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) আগামী দুই দশকে প্রায় দুই লাখ বৈমানিকের বিভিন্ন দেশের বিমান সংস্থা কর্তৃক নিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অথবা ‘ও’ লেভেল সমাপ্ত করে তবেই স্টুডেন্ট পাইলট হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে। এ জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক ও ‘ও’ লেভেল পরীক্ষায় গণিত এবং পদার্থবিদ্যা বিষয় থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বয়সসীমা ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৮১.২৮ সেমি (সম্প্রসারিত ৫.৮ সেমি) হতে হবে। চোখ ৬x৬ এবং অবিবাহিত হতে হবে। দুবার আইএসএসবি ফেরত, আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত আসামি ও মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হলে বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করা যাবে না। বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেড, হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯। ফোন: ৮৯১৩৭০৯পরামর্শ দিয়েছেন—মো. আব্দুল গাফফার, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন।