পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি আমি ব্যবসায় শিক্ষার হিসাবরক্ষণ বিষয়ে স্নাতকোত্তর (এমবিএস) ডিগ্রি নিয়েছি।বর্তমানে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস, বাংলাদেশ (আইসিএমএবি)-এ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পড়ছি। আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) পড়তে চাই। বাংলাদেশ থেকে সিএ সম্পন্ন করে দেশের বাইরে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে কি না? যেহেতু আমি সিএমএ পড়ছি, সিএ পড়ার সময় আমি কোনো বিষয়ভিত্তিক ছাড় পাব কি না? আমি এইচএসসিতে ৩.২৫ এবং এসএসসিতে ২.৮০ জিপিএ পেয়েছি।আলতাফ মাহমুদঢাকাপরামর্শ: প্রথমেই আমি সিএ ভর্তির কাঠামো সম্পর্কে ধারণা দিয়ে নিচ্ছি। সিএ পড়তে হলে এসএসসি, এইচএসসি, স্নাতক—এই তিনটি ধাপ মিলে ৭ পয়েন্ট থাকতে হবে, যেখানে জিপিএ ৩.৫ অথবা প্রথম বিভাগ হলো তিন পয়েন্ট, জিপিএ-৩ অথবা দ্বিতীয় বিভাগ হলো ২ পয়েন্ট এবং এই তিনটি ধাপের কোনোটিতেই তৃতীয় বিভাগ থাকা চলবে না। অন্যদিকে এসএসসি ও এইচএসসি উভয়টিতে যদি জিপিএ-৫ থাকে, তাহলে চার বছরের মধ্যে একজন শিক্ষার্থী সিএ হতে পারেন। এই ভর্তি-যোগ্যতা শিক্ষা মন্ত্রণালয় ও আইসিএবি কর্তৃক শিগগিরই পরিবর্তন হতে পারে। যেহেতু আপনি এমবিএস (অ্যাকাউন্টিং) সম্পন্ন করেছেন এবং সিএমএ কোর্স শেষ করে আপনি যদি সিএ পড়তে চান, আপনি যেসব বিষয়ে ছাড় পাবেন তা হলো: ১. আপনার সিএ-এর প্রথম ধাপ করার প্রয়োজন হবে না। ২. নলেজ লেভেলে চারটি বিষয়ে ছাড় পাবেন। ৩. আর্টিকেলশিপ পিরিয়ড হবে দুই বছর। বাংলাদেশ থেকে সিএ পাস করে ব্রিটিশ কাউন্সিলের অধীনে আইসিএইডব্লিউয়ের তিনটি পরীক্ষায় পাস করলে আপনি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবেন। আরও বিস্তারিত জানতে আপনি ঢাকার কারওয়ান বাজারের সিএ ভবনে আইসিএবির তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারেন।পরামর্শ দিয়েছেন—এনআই চৌধুরী (এফসিএ), সেক্রেটারি, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ব্যাংকিং আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজে বিএসএস (সম্মান) অর্থনীতি বিষয়ে চতুর্থ বর্ষে পড়ছি। এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে আমি এখন মানবিক বিভাগে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করছি। ভবিষ্যতে ব্যাংকিং খাতে চাকরি করার ইচ্ছা। আমি এখন বিএসএস (সম্মান) শেষ করার পর এমএসএস বা এমবিএ কোনটা করব? অনীল, দিনাজপুরপরামর্শ: অর্থনীতি অবশ্যই চাহিদাসম্পন্ন বিষয়। যেহেতু আপনি এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রায় শেষ করেছেন, তাই এ বিষয়ে মাস্টার্স করে নেওয়া যুক্তিযুক্ত হবে। ব্যাংকে কাজ করার জন্য বিশেষ করে প্রাথমিক পর্যায়ের চাকরির জন্য অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যাপ্ত বলে আমি মনে করি। যেহেতু বর্তমানে এমবিএ অনেক পেশারই উত্কর্ষ বিকাশের জন্য একটি চাহিদাসম্পন্ন ডিগ্রি, তাই ব্যাংকিং পেশায়ও এর গুরুত্ব রয়েছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে সামনের দিকে যেতে হলে এমবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে বেশ কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সটি করানো হয়। এ ক্ষেত্রে যদি ব্যাংকিংয়ের বিশেষায়িত বিভাগ যেমন: ট্রেজারি, করপোরেট ও রিটেইল ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইত্যাদি বিষয়ে ক্যারিয়ার গড়তে চান তবে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে এমবিএ করে নিতে পারেন। এ ছাড়া প্রশাসন, মানবসম্পদ, বিপণন ইত্যাদি বিষয়ে এমবিএ করেও ব্যাংকে সংশ্লিষ্ট বিভাগে চাকরি করতে পারেন। পরামর্শ দিয়েছেন—হুমায়রা পারভীন, ফার্স্ব অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ক্যাশ ম্যানেজমেন্ট), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড