পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)আইন আমি এলএলবি (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। আমি ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখি। কীভাবে অগ্রসর হলে আমি ব্যারিস্টার হতে পারব? রত্নদীপ দাস রাজুসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যারিস্টার হওয়ার পূর্বশর্ত, যুক্তরাজ্যের যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। এ ক্ষেত্রে সময় লাগবে তিন বছর। আপনি যেহেতু এলএলবি করছেন, তাই আপনাকে এলএলবি কোর্স শেষ করে যুক্তরাজ্যে গিয়ে আবার এলএলবির ওপর দুই বছরের কোর্স করতে হবে। এরপর বার অ্যাট ল করতে হবে। এ ক্ষেত্রে সময় লাগবে এক বছর। ব্যারিস্টার হতে হলে অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে। পাশাপাশি আইইএলটিএসের প্রতিটি ক্ষেত্রে ৭.৫ নম্বর থাকতে হবে।পরামর্শ দিয়েছেন—তানজীব-উল-আলম, ব্যারিস্টার, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ।জীবপ্রযুক্তি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ছি। এখন আমি জীবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) বিষয়ে পড়তে আগ্রহী। মাইগ্রেশন করলে কি তা সম্ভব? করলে কত বছর লাগবে? প্রাণিবিদ্যায় স্নাতক হয়ে কি জীবপ্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ কোর্স করা সম্ভব? করলে কোথায় করা যাবে?যুথী বিশ্বাসপাবনা আমার জানামতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে জীবপ্রযুক্তি না থাকায় মাইগ্রেশন করার কোনো সুযোগ নেই। এ ছাড়া, যেহেতু তুমি বর্তমানে প্রাণিবিদ্যা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছ, এ সময় জীবপ্রযুক্তি বিষয়ে মাইগ্রেশনের সিদ্ধান্ত কিছুটা বিলম্বপ্রসূত। প্রাণিবিদ্যায় স্নাতক করে জীবপ্রযুক্তিতে স্নাতকোত্তর পর্যায়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। জীবপ্রযুক্তি বিষয়ে এমবিএর ধারণাটি অপেক্ষাকৃত নতুন। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এগ্রিবিজনেস এমবিএ নামে একটি বিশেষায়িত কোর্স চালু রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে শিক্ষানবিশ পর্যায়ে বায়োটেক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা সম্ভব, যা পরবর্তী সময়ে সুনির্দিষ্ট পেশা গ্রহণে সহায়ক হবে। দেশের বাইরেও কিছু বিশ্ববিদ্যালয় যেমন ভারতের পুনে, অ্যামিটি বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের অ্যাবারটি বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বায়োটেক এমবিএ কোর্স চালু রয়েছে।পরামর্শ দিয়েছেন কাজী দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়