পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)সমুদ্র ও মৎস্যবিজ্ঞান আমি এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে ‘মেরিন সায়েন্সে অ্যান্ড ফিশারিজ’ বিষয়ে ভর্তি পরীক্ষায় টিকেছি। আসলে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আমি জানতে চাই, বর্তমানে দেশ-বিদেশে এ বিষয়টির চাহিদা কেমন ও কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে? এ বিষয়টি পড়ে জাহাজে চাকরি বা মেরিনার হতে পারব কি? আর বিসিএস পরীক্ষা দেওয়া যাবে কি না?মুস্তাফিজ, শিবালয়, মানিকগঞ্জ বিসিএসে (ফিশারিজ ক্যাডার) থানা মৎস্য কর্মকর্তা, অণুজীব বিজ্ঞানী ও খামার ব্যবস্থাপকের পদ, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরে পরিদর্শকের পদ, বাংলাদেশ মৎস্য গবেষণাকেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তার পদ ও বিভিন্ন মেয়াদের সরকারি মৎস্য প্রকল্পে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার পদ ফিশারিজ স্নাতকদের জন্য সংরক্ষিত। মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজে পড়াশোনা শেষ করে এই পদগুলোতে চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে মৎস্যসম্পর্কিত বিভিন্ন পদে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন—ফিশ ওয়ার্ল্ড, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), প্রতিষ্ঠিত এনজিওগুলোতে আকর্ষণীয় বেতনে চাকরি করা সম্ভব। আমার জানা মতে, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজে পড়াশোনা করে মেরিনার হওয়া বা জাহাজে কাজের সুযোগ নেই, সেটা কেবল মেরিন একাডেমিতে ভর্তি হয়ে সম্ভব। মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের মাধ্যমে উচ্চতর পর্যায়ে জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, অ্যাকুয়াকালচার, ফিশ ডিজিজ, জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম), মেরিন এনভায়রনমেন্টসহ বিভিন্ন বিষয়ে দেশ ও বিদেশে শিক্ষা ও গবেষণার দ্বার উন্মুক্ত। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো এসব বিষয়ে শিক্ষা ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরামর্শ দিয়েছেন মো. গোলাম সরোয়ার, অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলোজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা