পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)তৈরি পোশাকশিল্প আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস (পাস) কোর্স থেকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছি। এখন আমি পোশাকশিল্পের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে পেশা গড়তে চাই। আমি বুঝে উঠতে পারছি না, কোন ধরনের কোর্স করা আমার জন্য যুক্তিযুক্ত হবে। তা ছাড়া দেশেই, নাকি বিদেশ থেকে ডিগ্রি নিলে ভালো মান পাওয়া যাবে?মো. রাজন সালেহীনবগুড়া। আমাদের দেশে পোশাকশিল্প এখন কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় খাত। এ শিল্পে এখন প্রচুর শিক্ষিত তরুণ আসছেন। ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে অবশ্যই এ বিষয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিতে হবে। সেটি হতে পারে কোনো প্রশিক্ষণস্থলে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অথবা সরাসরি কোনো পোশাক শিল্পপ্রতিষ্ঠানে ট্রেইনি হিসেবে হাতে-কলমে কাজ শিখতে পারেন। আমাদের দেশেই এখন অনেক প্রতিষ্ঠান তৈরি পোশাক ও ফ্যাশন শিল্পের ওপর ছয় মাস থেকে শুরু করে চার বছর মেয়াদি কোর্স অথবা প্রশিক্ষণ প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে বিআইএফটি, এনআইএফটি, লঙ্কান ক্লদিং ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, শান্তা মারিয়ম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইত্যাদি। এসব প্রতিষ্ঠানে রয়েছে মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রভৃতি বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স। আপনি এসব প্রতিষ্ঠানের প্রসপেক্টাস থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে যেকোনো একটিতে ভর্তি হয়ে যেতে পারেন। এ ছাড়া আপনি কোনো পোশাকশিল্পের প্রতিষ্ঠানে ট্রেইনি হিসেবে হাতে-কলমে কাজ শিখেও এ শিল্পে ক্যারিয়ার গড়তে পারেন।পরামর্শ দিয়েছেন সারাহ নাফিসা জ্যেষ্ঠ মহাব্যবস্থাপকমানবসম্পদ উন্নয়ন বিভাগঅনোনতা গার্মেন্টস লিমিটেড।