পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)আইন আমি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি প্রথম বর্ষের একজন ছাত্র। ভবিষ্যতে ব্যারিস্টার হতে চাই। এখন ঢাকায় ভূঁইয়া একাডেমিসহ আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে তিন বছরের কোর্সকরায়। এরপর বার ভোকেশনাল কোর্সের জন্য নয় মাস লন্ডনে থাকতে হয়। তারপর বার অ্যাট ল ডিগ্রি অর্জন করা হয়। আবার অনেকে সরাসরি লন্ডনে গিয়ে এলএলবিসহ (সম্মান) পুরো কোর্স লন্ডনে সম্পন্ন করেন। যদি দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তিন বছর ঢাকায় এলএলবি কোর্স করা হয় তাহলে টাকা-পয়সার অনেক সাশ্রয় হয়। কীভাবে অগ্রসর হলে আমি সহজে এবং সুলভে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করতে পারব? রত্নদীপ দাস, সিলেট ব্যারিস্টার হতে কী কী প্রয়োজন তার একটি পরিষ্কার ধারণা আপনার আছে। বার ভোকেশনাল কোর্সে ভর্তি হতে হলে সাতটি মূল বিষয় সম্পন্ন করতে হবে এবং এ বিষয়গুলো সম্পন্ন করার সবচেয়ে ভালো পন্থা হচ্ছে—যুক্তরাজ্যের যেকোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি কোর্স সম্পন্ন করা। ইউনিভার্সিটি অব লন্ডন এ ধরনের একটি এলএলবি কোর্স পরিচালনা করে।এক্সটারনাল কোর্সের মাধ্যমে বাংলাদেশ থেকে ভালোভাবে এলএলবি সম্পন্ন করে আপনি একজন বার ভোকেশনাল কোর্সের যোগ্য প্রার্থী হতে পারেন। যদি অর্থনৈতিকভাবে চিন্তা করা হয় তবে অবশ্যই ইউকে ইউনিভার্সিটির টিউশন ফি বাংলাদেশের টিউশন ফির চেয়ে বেশি। তাই বাংলাদেশ থেকে এলএলবি করে শুধু নয় মাসের জন্য লন্ডনে বার ভোকেশনাল কোর্স করলে টাকা-পয়সার অনেক সাশ্রয় হবে। এ ক্ষেত্রে গুণগত মানের তেমন পার্থক্য থাকবে না। পরামর্শ দিয়েছেন—তানজীব-উল-আলম, ব্যারিস্টার অ্যাট ল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ।