পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)কম্পিউটার প্রোগ্রামিং আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি একজন কম্পিউটার প্রোগ্রামার হতে চাই। কোথায় প্রশিক্ষণ নিতে পারি? সামগ্রিকভাবে চাকরির বাজারে কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা ও কাজের ক্ষেত্র কেমন?দেব অধিকারী, খুলনা প্রোগ্রামার হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে গণিতে ভালো হতে হবে। গণিতে ভালো মানে আপনাকে গণিতবিদ হতে বলছি না। গণিতের লজিকগুলো আপনি খুব দ্রুত আয়ত্ত করতে পারলেই আপনাকে গণিতে ভালো বলা যাবে। আপনি যদি নিজেকে সৃজনশীল মনে করেন, আর গণিতের যুক্তিগুলো সঠিক ও নির্ভুলভাবে অতি দ্রুত বিশ্লেষণ করতে পারেন, তাহলেই আপনি প্রোগ্রামার হওয়ার পথে অগ্রসর হতে পারেন। আপনার ধৈর্য ও মেধার সমন্বয় আপনাকে ভালো প্রোগ্রামার বানাবে। এখানে প্রশিক্ষণের ব্যাপারটা খুব সামান্যই। প্রথমে সি/সি++ কিংবা কিউ বেসিক দিয়েই আপনি শুরু করতে পারেন। এ ক্ষেত্রে এ বিষয়ের একটি ভালো বই কিনে ঘরে বসেই আয়ত্ত করা সম্ভব। প্রাথমিক ধারণাটা হয়ে গেলে আপনি পরবর্তী অ্যাডভান্স প্রোগ্রামিং যেমন জাভা, পিএইচপি, সি শার্প, ডটনেট, এএসপি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের জন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিংবা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে চোখ রাখলেই তাদের প্রশিক্ষণবিষয়ক যাবতীয় তথ্য পাওয়া সম্ভব। তবে ইন্টারনেটই প্রোগ্রামারদের জন্য প্রধান সহায়ক। এখানে বিভিন্ন ফোরাম রয়েছে আপনাকে সহায়তা করার জন্য। ভালো প্রোগ্রামারের চাহিদা সব সময়। এ ক্ষেত্রে দেশ-বিদেশে চাকরির সুযোগ অফুরন্ত। আপনি চাইলে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের কাজ করে ঘরে বসেই ভালো উপার্জন করতে পারেন। আপনার দরকার শুধু পত্রিকায় এ বিষয়ের তথ্যগুলোতে নিয়মিত চোখ রাখা কিংবা আউটসোর্সিংয়ের ওয়েবসাইটগুলো খুঁজে দেখা।পরামর্শ দিয়েছেন: ফিজার আহমেদ, ডেপুটি আইটি ম্যানেজার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা।