পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)বৈমানিক আমি চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি একজন বৈমানিক হতে চাই। এ জন্য কী কী যোগ্যতা থাকা প্রয়োজন? কত দিন সময় লাগে এবং খরচ কত হতে পারে? এ ক্ষেত্রে আমাকে কীভাবে অগ্রসর হতে হবে, জানালে খুশি হব।সজীবআজিমপুর, ঢাকা। আপনি বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএবি) অথবা বাংলাদেশ বিমানবাহিনীর মাধ্যমে বৈমানিক হতে পারেন। বাণিজ্যিক বিমানের বৈমানিক একটি আকর্ষণীয় ও সম্মানজনক পেশা। সিএএবি কর্তৃক স্বীকৃত ফ্লাইং একাডেমি রয়েছে যা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। বেসামরিক বাণিজ্যিক বৈমানিক হওয়ার জন্য একাধিক ধাপ রয়েছে। যেমন: ১. স্টুডেন্ট পাইলট লাইসেন্স ২. প্রাইভেট পাইলট লাইসেন্স এবং ৩. কমার্শিয়াল পাইলট লাইসেন্স। এ ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। ৩৫০ ঘণ্টার গ্রাউন্ড ক্লাস সমাপ্ত করতে হবে। সিএএবি কর্তৃক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ২০০ ফ্লাইট আওয়ার সমাপ্ত করতে হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধাপের খরচভেদে ফ্লাইং একাডেমি বা অন্য যেকোনো বেসরকারি বিমান প্রশিক্ষণ কেন্দ্রে আনুমানিক পাঁচ থেকে ১০ লাখ টাকা লাগতে পারে। একজন বাণিজ্যিক বৈমানিক বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সেবা প্রদানের সুযোগ পায়। বর্তমানে দেশে ও বিদেশে এ পেশার যথেষ্ট চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (দি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) মতে, আগামী দুই দশকে প্রায় দুই লাখ বৈমানিকের বিভিন্ন দেশের বিমান সংস্থা কর্তৃক নিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অথবা ও-লেভেল সমাপ্ত করে তবেই স্টুডেন্ট পাইলট হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে। এ জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক ও ও-লেভেল পরীক্ষায় গণিত ও পদার্থবিদ্যা বিষয় থাকতে হবে। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য বয়সসীমা ১৬ বছর ছয় মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৮১ দশমিক ২৮ সেন্টিমিটার (সম্প্রসারিত ৫ দশমিক ৮ সেন্টিমিটার) হতে হবে। অবিবাহিত হতে হবে। দুবার আইএসএসবি-ফেরত, আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত আসামি ও মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হলে বাংলাদেশ বিমানবাহিনীতে আবেদন করা যাবে না।পরামর্শ দিয়েছেন—মো. আবদুল গাফফার,অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন।