পেশা পরিবর্তন করতে হলে...
অনেকেই ভালো বেতন, উচ্চতর পদমর্যাদা ও উন্নতির সম্ভাবনা বিবেচনা করে চাকরি পাল্টান। কেউ কেউ প্রথম দিকে প্রত্যাশিত চাকরিটি না পেয়ে অন্য একটিতে যোগ দিলেও পরবর্তী সময়ে সুযোগ পেলে সেটিতে চলে যেতে চান বা যান। সম্ভাবনার হাতছানিও অবশ্য কখনো কখনো কাউকে কাউকে নতুন চাকরিতে টেনে নেয়। আবার কেউ কেউ বিভিন্ন কারণে জব সেটিসফেকশন বা বর্তমান চাকরিতে সন্তুষ্টি না থাকায় চাকরি বদলাতে মরিয়া হয়ে ওঠেন। যা-ই হোক, মনে রাখতে হবে যে পেশা পরিবর্তনের সিদ্ধান্তটা সঠিক না হলে অনেক সময়ই মূল্য দিতে হয়। সে জন্য দূর ভবিষ্যতের সম্ভাবনাসহ বেশ কিছু বিষয়ে অনেক ভেবেচিন্তে তবেই পেশা বদলের সিদ্ধান্ত নিতে হবে। যেমন— প্রথমত, বর্তমান ও নতুন চাকরির মধ্যে আর্থিক ও পদমর্যাদাগত সম্ভাবনা ও পার্থক্যটা বুঝতে হবে সবার আগে।দ্বিতীয়ত, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যদি অফিসে যাওয়ার ব্যাপারে আপনার মনে একধরনের অনীহা জাগে, তাহলে ধরে নিতে হবে যে পেশা পরিবর্তন আপনার জন্য অনেকটাই জরুরি হয়ে পড়েছে।তৃতীয়ত, ভালো সুযোগ পাওয়া গেলে সেটিকে সঠিক সময়েই কাজে লাগাতে হবে। কারণ সব সময় পেশা পরিবর্তনের ভালো সুযোগ পাওয়া যায় না।চতুর্থত, অনিশ্চয়তা ও ঝুঁকি থাকা সত্ত্বেও নতুন পেশা অনেক সময়ই তরুণদের আকর্ষণ করে। ফিউচার লিডার নামক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহামুদ আহমেদ বলেন, যে কাজটি করতে চান, প্রথমে সে কাজের প্রতি ভালো লাগা ও আগ্রহ—দুটোই থাকতে হবে। পাশাপাশি ভালো লাগার কাজের জন্য নিজেকেও দক্ষ করে তুলতে হবে। পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু চিন্তাভাবনা ও করণীয় আছে। যেমন— যে ধরনের নতুন পেশা আপনি বেছে নিতে চান, সেগুলোর একটি তালিকা তৈরি করুন এবং এ সম্পর্কে ভালো করে খোঁজখবর রাখুন। প্রয়োজনে পরিচিত ও অভিজ্ঞজনদের পরামর্শ নিন।পেশা অনুযায়ী মানসিকভাবে নিজেকে তৈরি করুন। সময়-সুযোগ থাকলে সে বিষয়ে কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে নিতে পারেন। পছন্দের পেশাটিতে আপনি কতটা দক্ষ, সে বিষয়টা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে নতুন পেশায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। পারিবারিক ও সামাজিক দিক থেকে আপনার নতুন পেশা কতটা গ্রহণযোগ্য হবে, সেটিও ভেবে নিন। নতুন পেশায় যোগদানের আগে প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও কর্মক্ষেত্রের এলাকা ইত্যাদি খেয়াল রাখতে হবে।