পেশা হিসেবে জনসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তৈরি হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানের পণ্য-সেবাসহ নানা বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানানোর প্রয়োজন পড়ে। এতে একদিকে যেমন প্রতিষ্ঠান সম্পর্কে বাইরে ধারণা দেওয়া যায়, তেমনই প্রতিষ্ঠানের প্রসারেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানে এ ধরনের কাজগুলো করে থাকেন একজন জনসংযোগ কর্মকর্তা বা কয়েকজনের সমন্বয়ে গড়া জনসংযোগ বিভাগ। পেশা হিসেবে জনসংযোগের ক্ষেত্র দিনদিন বিকশিত হচ্ছে। বদৌলতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্ব, সম্ভাবনা, ভূমিকা এবং কর্মপরিধিও বাড়ছে।কাজের ধরন: একজন জনসংযোগ কর্মকর্তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। বাংলাদেশ জনসংযোগ সমিতির সভাপতি মির্জা তারেকুল কাদের বলেন, ‘একজন জনসংযোগ কর্মকর্তার প্রধান কাজ হলো, তিনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেটাকে অন্যের কাছে উপস্থাপন করা। এর অংশ হিসেবে সে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড যুগপৎ নিজস্ব কর্মী ও বাইরের মানুষকে জানানো এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করা।’ তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবেও একজন জনসংযোগ কর্মকর্তা কাজ করেন। নিজের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য, সেবা, বিজ্ঞাপন, প্রকাশনা ও লেখা গণমাধ্যমে প্রকাশ করার কাজই মূলত একজন জনসংযোগ কর্মকর্তাকে করতে হয়। এ ছাড়া সংবাদ সম্মেলনের আয়োজন করা, অনুষ্ঠানের বক্তাদের বক্তব্য তৈরি, গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোসহ বিভিন্ন কাজ করেন একজন জনসংযোগ কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁকে প্রতিষ্ঠানের গবেষণা পরিচালনার কাজও করতে হতে পারে। আর এসব কাজ করতে হয় অনেক দায়িত্ব নিয়ে।কাজের ক্ষেত্র: দেশে এখন জনসংযোগ পেশায় কাজের পরিধি ও তালিকা দীর্ঘায়িত হচ্ছে। সে অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তাকে বিভিন্ন পদবি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মিডিয়া অফিসার, কমিউনিকেশন অফিসার বা যোগাযোগ কর্মকর্তা, ইনফরমেশন অফিসার বা তথ্য কর্মকর্তা, মিডিয়া অ্যাডভোকেসি ম্যানেজার, ম্যানেজার (পিআর) প্রভৃতি। এখন বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, প্রযুক্তি ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থাসমূহ, বেসরকারি সংস্থা (এনজিও), সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন দূতাবাস, গার্মেন্টস বা পোশাকশিল্প প্রতিষ্ঠান, পাঁচ তারকা হোটেল, এয়ারলাইনস বা বিমান সংস্থা, হাসপাতাল, ট্যুর অপারেটর প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এ ছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিও আজকাল জনসংযোগ কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকেন।জনসংযোগ পেশা শুরুর আগে: এ পেশা শুরুর আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এর প্রতি ব্যাপক আগ্রহ ও ভালোবাসা এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। জনসংযোগ কর্মকর্তা হিসেবে পেশাজীবন শুরু করতে চাইলে নানা ধরনের যোগ্যতা থাকতে হবে। এ পেশা শুরু করার জন্য সবচেয়ে ভালো হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি থাকা। এ ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, বাংলা বিভাগের শিক্ষার্থীসহ যেকোনো বিষয়ে ডিগ্রি অর্জন করেও জনসংযোগ পেশা শুরু করা যায়। তবে পেশা শুরু করার আগে পেশার নৈতিক মানদণ্ড সম্পর্কে জানা আবশ্যক। পেশা হিসেবে জনসংযোগ কর্মকর্তা হতে গেলে আরও বেশ কিছু দক্ষতা থাকতে হবে। সেগুলো এখানে তুলে ধরা হলো:যোগাযোগ দক্ষতা: সবার সঙ্গে সঠিক যোগাযোগ রক্ষা করা একজন জনসংযোগ কর্মকর্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল মনসুর আহমেদের মতে, একজন জনসংযোগ কর্মকর্তার প্রধান কাজ হচ্ছে, যোগাযোগ দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের লোকজনের সঙ্গে একটা সেতুবন্ধ তৈরি করা। তিনি আরও জানান, জনসংযোগ কর্মকর্তাকে বিভিন্ন তথ্য সময়মতো অবহিত করতে হবে। তাঁকে প্রকাশ, প্রচার ও সম্প্রচার করার ক্ষেত্রে হতে হবে পারদর্শী। এ ছাড়া বিভিন্ন ভাষায়ও তাঁকে দক্ষতা অর্জন করতে হবে। কারণ, বিদেশিদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে ভাষার সঠিক বিনিময়ের বিকল্প নেই। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের সবার সঙ্গে একজন জনসংযোগ কর্মকর্তার যোগাযোগের দক্ষতা থাকতে হয়। বিভিন্ন মাধ্যমে বা সরাসরি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সর্বোপরি তাঁকে এসব কাজের মধ্য দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।প্রতিষ্ঠানের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান: একজন জনসংযোগ কর্মকর্তার মূল কাজ হচ্ছে, তিনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সে সম্পর্কে অন্যকে জানানো। এ কাজটি করতে গেলে তাঁকে তাঁর প্রতিষ্ঠানের খুঁটিনাটি নানা বিষয় সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠান কোন কোন পণ্য বা সেবা দিচ্ছে, তা জানতে হবে। হালনাগাদ তথ্য সম্পর্কে সজাগ দৃষ্টি দিতে হবে। আর এগুলো ঠিকমতো জানলে তবেই অন্যদের জানানো সহজ হবে।থাকতে হবে লেখার যোগ্যতা: একজন জনসংযোগ কর্মকর্তার মূল কাজ হলো, প্রতিষ্ঠানকে অন্যের সামনে উপস্থাপন করা। এ জন্য তাঁকে লেখনীর মাধ্যমে নানা বিষয় তুলে ধরতে হয়। তাই তাঁকে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই শুদ্ধভাবে লেখার যোগ্যতা থাকতে হবে। বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি লেখার সময় সঠিক তথ্য লিখতে হবে। এ জন্য তাঁকে সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে হবে। এ ছাড়া বিভিন্ন সংবাদ সম্মেলনের আয়োজন করা, প্রতিবেদন লেখা, লিফলেট তৈরি, বিজ্ঞাপন তৈরি করা, প্রকাশনা বের করার দক্ষতা ও সম্পাদনার দক্ষতা থাকতে হবে।জানতে হবে আদবকেতা: জনসংযোগ কর্মকর্তার কাজই হলো নানাভাবে প্রতিষ্ঠান সম্পর্কে বাইরের মানুষের আস্থা অর্জন করা। তাঁর কোনো ধরনের আচরণে যেন কেউ কষ্ট বা রুষ্ট না হয়, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ক্ষেত্রে নিজের সঠিক ব্যবহার ফুটিয়ে তুলতে আদবকেতা সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হয়। সদালাপি হওয়া বা স্মিত হেসে কথা বলাও এর মধ্যে পড়ে। আবার নিজের বিনয়ী ভাব ফুটিয়ে তোলাও জনসংযোগ কর্মকর্তাদের একটি আলাদা গুণ হিসেবে গণ্য হয়।প্রযুক্তিগত জ্ঞান: প্রযুক্তিগত জ্ঞান এখন খুবই দরকারি একটি বিষয়। বিভিন্ন ধরনের কাজ করতে আজকাল ই-জ্ঞান খুবই দরকার। একজন জনসংযোগ কর্মকর্তাকে প্রযুক্তিগতজ্ঞান, যেমন—কম্পিউটারের নানা ধরনের কাজ, টাইপের, পাওয়ার পয়েন্টসহ ইন্টারনেটের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ছবি সম্পাদনার কাজ জানতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ছবি তোলায়ও দক্ষ হতে হবে তাঁকে। বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইট যেমন—ফেসবুক, টুইটার, গুগল প্লাসসহ নানা ওয়েবসাইট ও ব্লগের মাধ্যমে প্রতিষ্ঠানের জনসংযোগ বাড়াতে সাহায্য করে। তাই একজন জনসংযোগ কর্মকর্তাকে এ বিষয়ে জ্ঞান থাকতে হবে।দক্ষতা বাড়াতে: অধ্যাপক আবুল মনসুর আহমেদ বলেন, পেশা হিসেবে জনসংযোগকে গ্রহণ করতে গেলে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের সঙ্গে আলাদাভাবে এটি পড়ানো হচ্ছে। এ ছাড়া এই দক্ষতা বাড়াতে হলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নানা ধরনের কোর্স করা যেতে পারে। আবার বাজারে এ-সংক্রান্ত অনেক দেশি-বিদেশি বই পাওয়া যায়। সেগুলো পড়া যেতে পারে। এ ছাড়া ইন্টারনেটে জনসংযোগের ওপর নানা ধরনের লেখা এবং বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যায়। চাইলে সেখানেও ঢুঁ মেরে নিজের মতো করে তথ্য সংগ্রহ করা যায়। এ পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলেও ভালো করার উপায় জেনে নিতে পারেন।