পেশাজীবনের হালহকিকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়টা থেকে পাঁচটা। সপ্তাহে পাঁচ বা ছয় দিন এভাবেই কাটছে আপনার। নিয়মিত অফিস করছেন, মাস শেষে গুনছেন বেতন। ব্যস, এতেই কি সবকিছু? উত্তরটা নিশ্চয়ই ‘না’। আপনার অফিস বা কাজের জায়গাটি যেন খেলার মাঠ। পারফরম্যান্স ভালো তো সব ভালো। ব্যাটে রান নেই তো সাইডলাইনের ওপারে বসে থাকা। তাই সময় থাকতেই নিজেকে ঝালিয়ে নিন। নতুন চাকরির সন্ধানে কি সদাপ্রস্তুত?সেই যে পড়াশোনার পাট চুকল। অনেক যত্ন করে তৈরি করলেন একটা জীবনবৃত্তান্ত। তা দিয়ে হয়তো একটা কাজও জুটিয়ে ফেললেন। অনেকের বেলায়ই দেখা যায়, ওই পয়লা জীবনবৃত্তান্তটিই ঘুরেফিরে ব্যবহার করছেন। অফিস যা-ই হোক না কেন, সব জায়গায় একই বৃত্তান্ত। এমনটা হলে কিন্তু ফেঁসে যাবেন। কারণ, একেক কর্মক্ষেত্রের একেক রীতিনীতি, একেক চাহিদা। সেই চাহিদা অনুযায়ী, হালনাগাদ রাখুন আপনার জীবনবৃত্তান্তটি।আপনি যা জানেন, অন্যরা কি তা জানে?শুধু জেনেই গেলেন। পালন করে গেলেন দায়িত্বপূর্ণ কাজ দিনের পর দিন। কিন্তু কেউ-ই তা জানল না, তাতে করে আখেরে কোনো লাভ নেই। তাই আপনার অভিজ্ঞতা, জানার ব্যাপ্তি—এই বিষয়গুলো ভাগাভাগি করুন আপনার পাশের ডেস্কের সহকর্মী বা বসের সঙ্গে। অভিজ্ঞতা ও লব্ধ জ্ঞানের প্রকাশ পাক আপনার কাজে ও চলাফেরায়। এতে করে আরও গুরুত্বপূর্ণ পদ বা নতুন কোনো কাজে আপনিই পাবেন প্রাধান্য।ওপরওয়ালাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ?ওপরওয়ালাদের সঙ্গে যোগাযোগ মানে, তাঁদের সঙ্গে নিয়মিত বাতচিত। নিয়মিত সভা বা আলাপচারিতায় অংশ নেওয়া একজন চাকুরের দায়িত্বের অন্তর্ভুক্ত। এটা যদি না হয়, তাহলে কেবল খেটেই মরবেন। নিজের উন্নতির জন্য বসদের সঙ্গে নিয়মিত কথা বলা, নিজের চিন্তাভাবনা ভাগাভাগি করা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আপনি সামনে নতুন কী করতে চান, কী হলে ভালো হয়, এসব বিষয়ে কথা বলা মানে আত্ম-উন্নয়ন। আপনার অজানার শেষ নেই। অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কথা বলুন, দেখবেন অনেক অজানাই জানা হয়ে যাচ্ছে। কাজের ক্ষেত্রের নেটওয়ার্ক কেমন?সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্কও আপনার পেশাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। অফিসে কেবল মুখ বুজে কাজ করে গেলে উন্নতি অসম্ভব। দেখা গেল, ভালো একজন সহকর্মীই আপনাকে ভবিষ্যতে আরও ভালো কোনো কাজের হদিস দিতে পারেন। কিংবা আপনার বর্তমান কর্মস্থলের কোনো মুশকিলেরও আসান হতে পারেন তিনি। তাই সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক কর্মস্থলে জরুরি। এ ছাড়া পুরোনো সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাও বেশ কাজে দেয়। আর ইন্টারনেট তো এখন আপনার হাতের কাছেই। আছে মুঠোফোনসহ যোগাযোগ রক্ষার নিত্যনতুন প্রযুক্তি। এসবের সদ্ব্যবহার করে সহকর্মীদের সঙ্গে গড়ে তুলুন আপনার নেটওয়ার্ক।নিয়মিত পড়াশোনা করেন তো?প্রশ্নটা শুনে হয়তো ভ্রু কুঁচকে গেল অনেকেরই। কিন্তু জেনে রাখুন, জ্ঞান কখনো ফেলনা যায় না। বিশেষ করে, যা করছেন সে বিষয়টি সম্পর্কে ভালো জানাশোনা থাকলে আপনিই সর্বেসর্বা। চাকরিজীবনে ঢুকেই যদি পড়াশোনাকে টা টা জানান, তবে আঁধারই আপনাকে পেয়ে বসবে। বাজারে এখন বিভিন্ন পেশার ওপর একাধিক বই পাওয়া যায়, পাশাপাশি জ্ঞানসমুদ্র ইন্টারনেট তো আছেই। তাই সময় পেলেই কিছুটা হলেও পড়াশোনা করুন, পার্থক্যটা দেখুন নিজের চোখেই!কাজটা ভালো লাগছে তো?বিজ্ঞজনেরা বলেন, কাজ যদি মনের মতো না হয়, তাহলে আপনি গোল্লায় যাবেন! কথা সত্যি। কাজ যে সব সময় ভালো লাগবে, এমনটা তো হলফ করে বলা যায় না। সমাধানও আছে। কাজের ফাঁকে কয়েক দিন ছুটি নিয়ে ঘুরে আসুন দূরে, মন যেখানে চায়। কিংবা কাজের ধরন পাল্টে ফেলুন। কাজ করে যখন খেতে হবে, তখন কাজটাকে ভালো বাসুন, ভালো দিক খুঁজে বের করুন আপনার অরুচির পেশাটির মধ্যে। তা-ও যদি অসম্ভব হয়, খুঁজতে পারেন নতুন কাজ। আর নতুন কাজের জন্য তো অবশ্যই তৈরি থাকতে হবে আপনাকে। নিজেই নিজেকে ঝালাই করুন বারবার।ইয়াহু জবস অবলম্বনে