পেশাদার বাহিনীর সদস্যরা যদি ভেতরে যেতেন...
‘উদ্ধার তৎপরতা খুব দুর্বল। উদ্ধারকাজে ভারী যন্ত্রের ব্যবহার নেই বললেই চলে। সাধারণ মানুষের মতো পেশাদার বাহিনীর সদস্যরা যদি সক্রিয়ভাবে অংশ নিতেন, ভেতরে যেতেন, তাহলে আরও অনেক মানুষ বাঁচতে পারত।’সাভারে আজ রানা প্লাজার ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের সামনে এ কথা বলে ক্ষোভ প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। নিখোঁজ ভাইয়ের শেষ খবরের আশায় তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর ভাই ওই ভবনে থাকা পোশাক কারখানা ফ্যান্টমে উত্পাদন ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন। গত বুধবারের দুর্ঘটনার পর থেকে তাঁর কোনো সন্ধান নেই।নিখোঁজ আপনজনের খোঁজে আশা-নিরাশার দোলাচলে দুলতে থাকা অপেক্ষমাণ অনেকের কণ্ঠেই এ হতাশা ঝরে পড়ে। সঙ্গে রয়েছে চাপা ক্ষোভ। দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে লাশ ও আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন মূলত সাধারণ মানুষ। পেশাদার বাহিনীর তুলনায় অপেশাদার এই সাহসী মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।ধীরগতিতে উদ্ধারকাজ চলছে বলে প্রথম দিন থেকে অভিযোগ করে আসছেন ওই ভবনে আটকা পড়া ব্যক্তিদের স্বজনেরা। আজ বেলা পৌনে ১১টার দিকে তাঁরা উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ এনে বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকটা অসহায় হয়ে স্বজনেরা ধ্বংসস্তূপের বাইরে অপেক্ষা করছেন। কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা হলে দৌড়ে যাচ্ছেন, তাঁর স্বজন কি না—এই আশায়।স্বেচ্ছা-উদ্ধারকর্মী খোকন বলেন, ‘ভেতরে যেখানে কংক্রিটের বড় বড় অংশ পড়েছে, সেখানে অনেকেই চাপা পড়েছেন। তাঁদের অনেকে জীবিত অবস্থায় আছেন। কিন্তু এই ভারী কংক্রিটের অংশ সরানোর মতো যন্ত্র নেই। হালকা যন্ত্র দিয়ে যেখানে যেভাবে পারা যাচ্ছে, মানুষ ঢুকে উদ্ধারকাজ চালাচ্ছেন।’গাজীপুর থেকে ছুটে এসেছেন উজ্জ্বল নামের একজন। রাজমিস্ত্রির কাজ করেন। ধ্বংসস্তূপের যেখানেই একটু ফাঁক দেখছেন, সেদিক দিয়ে ঢুকে আটকা পড়া লোকজনকে উদ্ধার করছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে অসীম সাহস দেখিয়ে একের পর এক জীবিত লোকজন ও লাশ উদ্ধার করে চলছেন তিনি। এভাবে কাজ করতে গিয়ে নিজে আহত হয়েছেন, তাঁর পা কেটে গেছে। কিন্তু ক্লান্তি নেই উজ্জ্বলের। তিনি বলছিলেন, ‘মানুষের জন্যই মানুষ। এক দিন কাজ না করলে আমার সংসার চলে না। তার পরও আমি এখানে এসেছি। মানুষের জন্য কাজ করে শান্তি লাগছে।’ সরকারি আধুনিক যন্ত্র ও সেগুলো ব্যবহারের পদ্ধতি থাকলে এত লোক মারা যেত না বলে মনে করেন তিনি।এদিকে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যান্ত্রিক উপায়ে উদ্ধারকাজ চালাতে গেলে যাঁরা এখনো জীবিত অবস্থায় আটকা পড়ে আছেন, তাঁদের প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়। তাই ৭২ ঘণ্টার আগে এমন উদ্যোগে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।দুর্ঘটনার পর প্রথমে সাধারণ মানুষ নিজ উদ্যোগে উদ্ধার তত্পরতা শুরু করে। এরপর সেখানে যোগ দেয়। পেশাদার বাহিনী পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সর্বশেষ উদ্ধারকাজে সেনাবাহিনীও যোগ দেয়।