পেশাদারি তিন ডিগ্রি, কোনটা কী
ব্যবসা-বাণিজ্য এখন সর্বত্র বিস্তৃত। ফলে ছোট-বড় সব বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব বিভাগের কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাই এ ক্ষেত্রের পেশাজীবীদের চাহিদাও তুঙ্গে। যাঁদের উচ্চতর পেশাদারি ডিগ্রি রয়েছে, তাঁরা এ পেশায় আরও ভালো করছেন। বর্তমানে আমাদের দেশে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (আইএফএসি) সদস্য হিসেবে স্বীকৃত তিনটি প্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞানে পেশাদারি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—আইসিএবি, আইসিএমএবি ও এসিসিএ। এই তিনটি প্রতিষ্ঠানের ডিগ্রি কোনটা কী, কেমন— এ ব্যাপারে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। আইসিএবির চার্টার্ড অ্যাকাউনট্যান্সি (সিএ), এসিসিএর এফআইএ এবং আইসিএমএবির কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউনট্যান্সি ডিগ্রি সম্পর্কে জানালেন আইসিএবির সচিব এন আই চৌধুরী, আইসিএমএবির নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম এবং এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ।আইসিএবিদি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ—আইসিএবি। বাংলাদেশের অ্যাকাউন্টিং পেশায় সর্বোচ্চ নীতিনির্ধারক এবং নিয়ন্ত্রক হলো এই প্রতিষ্ঠান।যা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত।১৯৭২ সালে শুরু করে বাংলাদেশ সরকার কর্তৃক অর্ডার নম্বর ২-এর মাধ্যমে ১৯৭৩ সালে এর কার্যক্রম গৃহীত হয়।যে ডিগ্রি দেওয়া হয়: আইসিএবি হিসাববিজ্ঞানে চার্টার্ড অ্যাকাউনট্যান্টের পেশাগত সনদ দিয়ে থাকে। এখানে তিনটি ধাপে মোট ১৮টি বিষয়ে পড়তে হয়। প্রথম ধাপে নলেজ লেভেলে সাতটি বিষয়, অ্যাপলিকেশন লেভেলে সাতটি এবং অ্যাডভান্স লেভেলে চারটি বিষয়। তবে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পার্ট কোয়ালিফাইড সনদ দেওয়া হয়। যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক হতে হবে। সব পরীক্ষা মিলে ন্যূনতম ৭ পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ১০ এবং ‘ও’, ‘এ’ লেভেলে পাস করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ আছে। তবে এসিসিএ ও আইসিএমএ ডিগ্রিধারীদের নলেজ লেভেলের সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় ছাড় দেওয়া হয়।চাহিদা রয়েছে যেখানে: চার্টার্ড অ্যাকাউনট্যান্সির (সিএ) শিক্ষার্থীদের তত্ত্বীয় বিষয়ের পাশাপাশি ব্যবহারিক বিষয়ের প্রতি জোর দেওয়া হয়। এ জন্য প্রার্থীকে কোনো সিএ ফার্মের একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্টের অধীনে কাজ শিখতে হয়। যাতে শিক্ষার্থীরা হাতেকলমে দক্ষতা অর্জন করতে পারেন। এতে কিছুটা হলেও উপলব্ধি করা যায় একজন সিএ ডিগ্রিধারীর দক্ষতা ও চাহিদা। দেশেই বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, আন্তর্জাতিক সংস্থা প্রভৃতি প্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বাইরেও আছে কাজের অনেক সুযোগ। বর্তমানে আইসিএবির প্রায় এক হাজার ২০০ সিএ সদস্যের মধ্যে ৩০০ জনই বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।কাজের ক্ষেত্র: পেশার কথা চিন্তা করলে চার্টার্ড অ্যাকাউনট্যান্টরা উচ্চমর্যাদার পেশাজীবী নিঃসন্দেহে। আগে প্রতিষ্ঠানের হিসাব বিভাগের জন্য হিসাবরক্ষককেই যথেষ্ট মনে করা হতো। কিন্তু ব্যবসার আধুনিক ধারা বজায় রাখতে একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্টের প্রয়োজন। কারণ, হিসাব রাখা, হিসাব পরীক্ষা ও নিরীক্ষা করা, করপোরেট আইন, কর আরোপ, ব্যবস্থাপনায় কার্যকর দায়িত্ব পালন করা—এ সবই একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্টের পক্ষে করা সম্ভব। তাই এই পেশাগত ডিগ্রিধারীরা প্রতিষ্ঠানের ঊচ্চ পদের দায়িত্বে থাকেন। চার্টার্ড অ্যাকাউনট্যান্টরা বিভিন্ন পেশা যেমন, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), ম্যানেজমেন্ট কনসালট্যান্ট, চিফ অডিটর ও অ্যাকাউনট্যান্ট, ফাইন্যান্স ডাইরেক্টর, ফাইন্যান্স অ্যাডভাইজার, কন্ট্রোলার অ্যাকাউন্টস, চিফ অ্যাকাউট্যান্ট এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে নিয়োগ পেতে পারেন।বিস্তারিত যোগাযোগ: আইসিএবি, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ফোন: ৯১১৭৫২১, ৯১১২৬৭২, ওয়েব: www.icab.org.bdএসিসিএদি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্ট—এসিসিএ হলো হিসাববিজ্ঞান বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক একটি পেশাগত ডিগ্রিদাতা প্রতিষ্ঠান। এ ডিগ্রি ১৯০৪ সালে যুক্তরাজ্যে প্রথম চালু হয়। আমাদের দেশে ২০০০ সালে বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনে এসিসিএর ভর্তির কার্যক্রম চালু করে। পরবর্তীকালে চাহিদার ভিত্তিতে এ দেশে ২০০৮ সালে এসিসিএর আঞ্চলিক কার্যালয় চালু হয়। যে ডিগ্রি দেওয়া হয়: এসিসিএতে দুই ধরনের ডিগ্রি দেওয়া হয়। একটি হচ্ছে ফাইন্যান্স ইন অ্যাকাউন্টিং (এফআইএ), যা আগের সার্টিফায়েড অ্যাকাউনট্যান্ট টেকনিশিয়ান (সিএটি) কোর্সের পরিবর্তিত রূপ। এফআইএ কোর্সে মোট সাতটি বিষয়ে পড়তে হয়। পাস করার পর একটি ডিপ্লোমা সনদ দেওয়া হয়। এ ছাড়া আরও দুটি বিষয়ে পরীক্ষা এবং এক বছরের চাকরির অভিজ্ঞতা জমা দিয়ে পাওয়া যায় সিএটির সনদ। এই কোর্সটি একজন শিক্ষার্থীকে হিসাবরক্ষণে দক্ষ হতে সাহায্য করে। অন্যটি হলো এসিসিএ ডিগ্রি; যা একজন শিক্ষার্থীকে পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক গুণাবলি বিষয়েও ধারণা দেওয়া হয়। তিন ভাগে ভাগ করে এই কোর্স পড়ানো হয়। এটিকে এফআইএর পরের ধাপও বলা যেতে পারে। এই কোর্সে ১৪টি বিষয় পড়ানো হয়। এসিসিএর সদস্য হতে সব বিষয়ে উত্তীর্ণ হয়ে তিন বছরের অভিজ্ঞতা অর্জন করতে হয়। এসিসিএর দুটি ভাগ অর্থাত্ ছয়টি বিষয় শেষ করে একজন শিক্ষার্থী অভিসন্দর্ভ (থিসিস পেপার) জমা দেওয়ার মাধ্যমে পেতে পারেন হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং এসিসিএ সদস্য হলে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়া যায়।যোগ্যতা: এফআইএ পড়তে হলে ‘ও’ লেভেল, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস হতে হবে। তবে যাঁদের কোনো একাডেমিক সনদ নেই, কিন্তু হিসাববিজ্ঞানে দক্ষতা আছে এবং আগ্রহী, তাঁদের ভর্তির ক্ষেত্রে বয়স ন্যূনতম ১৬ বছর হতে হবে। এসিসিএর ভর্তির জন্য ‘ও’ এবং ‘এ’ লেভেল অথবা যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। তবে উচ্চমাধ্যমিক পাস এবং বয়স ২১ বছর হলেও ভর্তির সুযোগ আছে। এ ছাড়া সিএ, আইসিএমএ সদস্যরা এসিসিএতে ভর্তির ক্ষেত্রে নয়টি বিষয়ে ছাড় পান। হিসাববিজ্ঞান, ফাইন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন, তাঁদের জন্য সর্বোচ্চ চারটি বিষয়ে ছাড় দেওয়া হয়। চাহিদা রয়েছে যেখানে: যাঁরা এসিসিএ সদস্যপদ লাভ করেন, তাঁদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক, এনজিওর মতো প্রতিষ্ঠানে কাজের যথেষ্ট চাহিদা ও মূল্যায়ন রয়েছে। বিশ্বের ১৭০টি দেশে এসিসিএর কার্যক্রম বিস্তৃত। ফলে ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে এসিসিএর সদস্যসংখ্যা এক লাখ ৪০ হাজার। কাজের ক্ষেত্র: এই কোর্স শেষে চাকরির অপেক্ষায় কাউকে বসে থাকতে হয় না। দেশ ও বিদেশ—সব জায়গায়ই রয়েছে কাজের সুযোগ। একজন এসিসিএ সদস্য প্রতিষ্ঠানের উচ্চপদে যেমন ফাইন্যান্স কন্ট্রোলার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট, প্রধান নির্বাহী প্রভৃতি পদে অনায়াসেই নিয়োগ পেতে পারেন। তা ছাড়া এফআইএ বা সিএটি পাস এবং এসিসিএর কয়েকটি পার্ট শেষ করেও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে ভালোভাবেই শুরু করতে পারেন পেশাজীবন।বিস্তারিত যোগাযোগ: এসিসিএ বাংলাদেশ, গুলশান ভবন (৪র্থ তলা), প্লট-৩৫৫, মহাখালী, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, ঢাকা-১২১২। ফোন: ৮৮২৪৬৭২, ৮৮২৪৯৩০। ওয়েব: www.accaglobal.comআইসিএমএবিদি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস, বাংলাদেশ (আইসিএমএবি)। এটা বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত একটি প্রতিষ্ঠান। ১৯৫১ সালে যাত্রা শুরু হলেও এর মূল কার্যক্রম স্বাধীনতার পর থেকে শুরু হয়। প্রতিষ্ঠানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বিষয়ে পড়ানো হয়। ঢাকার বাইরেও চারটি শাখা রয়েছে।যে ডিগ্রি দেওয়া হয়: এ প্রতিষ্ঠান থেকে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসের ওপর একটিমাত্র পেশাগত ডিগ্রি দেওয়া হয়। তবে কোনো শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে পার্ট কোয়ালিফায়েড সনদ দেওয়া হয়। পাঁচটি লেভেলে চারটি বিষয় করে মোট ২০টি বিষয় পড়তে হয়। লেভেলগুলো হলো—ফাউন্ডেশন লেভেল, প্রফেশনাল লেভেল ১, ২, ৩ ও ৪। যোগ্যতা: আইসিএমএতে ভর্তি হতে আগ্রহীদের যেকোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তিনটি পরীক্ষা মিলে ৬ পয়েন্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যাঁরা বাণিজ্য বিভাগে স্নাতক (সম্মান), বিবিএ, এমবিএ ডিগ্রিধারী এবং স্নাতক (পাস) কোর্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ, তাঁরা সরাসরি ভর্তির সুযোগ পাবেন। সিএ ডিগ্রিধারীরা আইসিএমএতে ভর্তির ক্ষেত্রে প্রফেশনাল লেভেল ২ পর্যন্ত এবং এসিসিএ প্রার্থীদের ক্ষেত্রে বিষয়ের মিল রেখে ছাড় দেওয়া হয়ে থাকে। এখানে বছরে দুটি সেশনে ভর্তি নেওয়া হয়। জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর মাসে। তবে ভালো করতে ইচ্ছাশক্তি এবং পরিশ্রম করার মানসিকতা থাকা খুবই জরুরি।চাহিদা রয়েছে যেখানে: যেকোনো প্রতিষ্ঠানকে ব্যবসার ক্ষেত্রে প্রধান গুরুত্ব দিতে হয় অর্থ এবং ব্যবস্থাপনার বিষয়টিকে। যা একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট সবচেয়ে ভালো বলতে পারবেন। তত্ত্বীয় বিষয়ের সঙ্গে ব্যবহারিক কাজেও গুরুত্ব দেওয়া হয়। ফলে হাতেকলমে দক্ষতা অর্জন করার সুযোগ রয়েছে। তাই সব বাণিজ্যিক প্রতিষ্ঠানেই এ ডিগ্রির যথেষ্ট চাহিদা আছে। ব্যাংক-বিমাসহ আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, টেক্সটাইল, ফুড ও শিপিং কোম্পানি পেশায় রয়েছে অনেক চাহিদা। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আইসিএমএ ডিগ্রিধারীদের অনেক চাহিদা। বর্তমানে এক হাজার ১০০ জন ডিগ্রিধারী সদস্যের মধ্যে ১৫০ জন বিদেশে কাজ করছেন। কাজের ক্ষেত্র: আইসিএমএবির কোর্স করে চাকরিজীবী ও চাকরিপ্রার্থী উভয়েরই দক্ষতা বাড়ে। তাই এ ডিগ্রি অর্জন করলে অনেক প্রতিষ্ঠানই আপনাকে অগ্রাধিকার দেবে এটি বলার অপেক্ষা রাখে না। সফলভাবে কোর্স শেষে আপনি হতে পারেন যেকোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট, কস্ট অ্যাকাউনট্যান্ট, বিজনেস অ্যানালিস্ট, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট, প্রকল্প ব্যবস্থাপক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ট্যাক্স কনসালট্যান্ট, কস্ট অডিটর, এইচআর ম্যানেজার ইত্যাদি। এ রকম পেশাগত ডিগ্রির মাধ্যমে চেয়ারম্যান, প্রধান নির্বাহী প্রভৃতি শীর্ষপদে নিয়োগ পেতে পারেন। আইসিএমএ সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.icmab.org.bd ঠিকানার ওয়েবসাইটে।যোগাযোগের ঠিকানা:ঢাকা: আইসিএমএবি, আইসিএমএ ভবন, নীলক্ষেত, ঢাকা-১২০৫। ফোন: ৮৬১১৪৮২, ৯৬১১৭৯৯। চট্টগ্রাম: মো. সাহাদাত হোসেন, সহকারী পরিচালক আইসিএমএবি, আইসিএমএ ভবন, প্লট-৪৩, রোড-২৭, সিডিএ আগ্রাবাদ আবাসিক এলাকা। ফোন: ০৩১-৭২৭৬৩৮, ০১৭১২-১৮৩৫৩৫। রাজশাহী: অধ্যাপক মদন মোহন দে, হিসাববিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফোন: ০৭২১-৭৫০০৪১-৪৯, ০১৭১১০৩৯৩৬৪। খুলনা: অধ্যাপক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। ফোন: ০৪১-৭২২৩৩৫। কুমিল্লা: অধ্যাপক এমএম সফিউদ্দিন অধ্যক্ষ, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। ফোন: ০৮১-৬৮৪৬৩/১০৪।