পেশোয়ারে বোমা হামলায় নিহত ২৩, আহত ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে গতকাল সোমবার সন্ধ্যায় বিদ্যুত্ বিভ্রাটের প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশের নিরাপত্তা রক্ষায় মোতায়েন পুলিশ সদস্যদের ওপর চালানো এক আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছে বলে পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান।পরমাণু শক্তিধর দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ইসলামি জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে যাওয়ার তোরণ নামে পরিচিত পেশোয়ার শহরে একের পর এক বোমা হামলা চালিয়ে গত এক বছর শত শত লোককে হত্যা করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পুরোনো পেশোয়ারের স্টোরিটেলার্স বাজারে একটি ধর্মীয় সংগঠন আয়োজিত বিদ্যুত্ বিভ্রাটের প্রতিবাদ সমাবেশটি যখন সমাপ্তির মুখে, তখন ওই বোমা বিস্ফোরণ ঘটে।পুলিশের কর্মকর্তা ইমরান কিশওয়ার বলেন, বিস্ফোরণে ২৩ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশ ও বিক্ষোভকারী দুই পক্ষের লোকজনই রয়েছে।প্রাদেশিক তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসাইন বলেন, ‘সমাবেশের পরে পুলিশ সদস্যরা যখন তাঁদের গাড়িতে বসেছিলেন, তখন এক ব্যক্তি এই আত্মঘাতী বোমা হামলা চালান।’সমাবেশের আয়োজক জামাত-ই-ইসলামির কয়েকজন সদস্য জানান, হামলায় মৃত ব্যক্তিদের মধ্যে দলটির বেশ কয়েকজন নেতাও রয়েছেন।এ হামলায় সামান্য আহত পুলিশের এক সদস্য বলেন, ‘আমরা থানায় ফেরার পথে বোমাটি বিস্ফোরিত হয়। আমি সেখানে বেশ কয়েকটি মৃতদেহ ও দেহের নানা অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছি।’বিবিসি অনলাইন জানায়, খালিদ খান নামক এক প্রত্যক্ষদর্শী বলেন, নিহত হওয়ার কিছুক্ষণ আগেই তিনি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আলাপ করছিলেন।এই হামলায় পেশোয়ারের উপপুলিশ সুপার গুলফার খানও মারা গেছেন।এর আগে সেদিনই শহরটির একটি স্কুলের সামনে আরেকটি বোমা বিস্ফোরণে ছয় বছর বয়সের এক স্কুলছাত্র নিহত এবং আরও পাঁচজন স্কুলছাত্রসহ সাতজন আহত হয়।