পেয়েছে ২২ নম্বর, দেওয়া হয়েছে ৮৯!
রাজশাহীর ছয়টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে অসংগতির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গঠিত কমিটি গত শনিবার বিকেলে ভর্তি কমিটির সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়। তদন্তের পরিপ্রেক্ষিতে দুজন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। এদের একজন পরীক্ষায় পেয়েছে ২২ নম্বর, অথচ তাকে দেওয়া হয় ৮৯। তদন্ত প্রতিবেদনে আরও ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে অসংগতির অভিযোগ তদন্তের জন্য অভিভাবকদের আন্দোলনের মুখে গত ২৮ ডিসেম্বর রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মাহবুবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও শাহ মখদুম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসিকুল ইসলাম।তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, একজন শিক্ষার্থীর পরীক্ষার খাতায় প্রাপ্ত নম্বর ২২। অথচ ফলাফলপত্রে তার রোল নম্বররের বিপরীতে ৮৯ নম্বর দেওয়া হয়েছে। আরেকজন শিক্ষার্থী খাতায় পেয়েছে ৬৯ দশমিক ৫ নম্বর। ফলাফলপত্রে তাকে দেওয়া হয়েছে ৯৬ দশমিক ৫। পরীক্ষা কমিটির একটি সূত্র জানিয়েছে, ওই দিন ফলাফলপত্রে নম্বর তোলার দায়িত্বে ছিলেন কয়েকজন ম্যাজিস্ট্রেট। তদন্ত শেষে ভর্তি কমিটি ওই দুই শিক্ষার্থীর ভর্তি বাতিল করলেও দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। জেলা প্রশাসক দিলোয়ার বখত বলেন, ‘প্রথমে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারপর স্বচ্ছতার জন্যই আরও দুজন বেসরকারি সদস্য নেওয়া হয়েছে। তাঁরা অনেক পরিশ্রম করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিয়েছেন।’ তিনি আরও জানান, নম্বর তোলার দায়িত্বে কোনো ম্যাজিস্ট্রেট ছিলেন না। পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটারম্যান ছিলেন। আর রাতে মাইকে ফলাফল ঘোষণার সময়ও তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামীতে আরও সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে।গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ওই দিন রাত তিনটায় প্রথমে মাইকে ঘোষণা করা হয়। রাতে মাইকে ঘোষিত ফলাফলের সঙ্গে পরের দিন প্রকাশিত তালিকার গরমিল ও নানা অসংগতি থাকায় অভিভাবকেরা আন্দোলনে নামেন।