পৈতৃক সম্পত্তি নিয়ে যত বিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ নানাভাবে সম্পত্তি অর্জন করে। মানুষ মৌরসিসূত্রে (পৈতৃকসূত্রে) যে সম্পত্তি অর্জন করে, সেখানে সবচেয়ে বেশি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। ব্যক্তিগতভাবে অনুসন্ধান করে দেখেছি, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ জানে না, তারা কী পরিমাণ সম্পত্তি অর্জন করেছে। এ ব্যাপারে তার জ্ঞান একদম ভাসা ভাসা। সে জানে না, কোন মৌজার, কোন খতিয়ানের, কোন দাগের কতটুকু জমি তার মৌরসি সম্পত্তি। ওই সম্পত্তির মূল্য কত? সরকারকে খাজনা কীভাবে পরিশোধ করতে হবে, সে ব্যাপারে শিক্ষিত লোকেরাও বিশেষভাবে অজ্ঞ। মানুষ পারতপক্ষে তহশিলদারের অফিসে যায় না। রেকর্ড হালনাগাদ করে না। ওয়ারিশ মারা গেলে তার তথ্য খতিয়ানে যথাযথভাবে আসছে না। অধিকাংশ মানুষ জায়গাজমি-সংক্রান্ত কাজকে অত্যন্ত ঝামেলার মনে করে। তাই সবাই এড়িয়ে চলতে চায়। কিন্তু কালের পরিক্রমায় এমন একটি সময় আসে, যখন আর এড়িয়ে চলার সুযোগ থাকে না। আরও একটি বিষয় উল্লেখের দাবি রাখে, বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থার কোনো পর্যায়ে আনা, কড়া, গন্ডা, ক্রান্তি, দন্তের হিসাব শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। আইনের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতেও এ ধরনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। সম্পত্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে। এ ক্ষেত্রে সাধারণত নিচের সমস্যাগুলো দেখা যায়:১. এক ওয়ারিশ অন্য ওয়ারিশকে বঞ্চিত করার জন্য নানা দুরভিসন্ধিমূলক চেষ্টায় রত থাকেন। ২. সবচেয়ে বেশি বঞ্চিত করা হয় ফুফু ও বোনদের। আমাদের সমাজে তাঁদের সম্পত্তি দেওয়ার ব্যাপারে এখনো কোনো মানসিকতাই গড়ে ওঠেনি।৩. অধিকাংশ ওয়ারিশ জানেনই না তাঁদের পৈতৃক সম্পত্তি কতটুকু আছে। অনেকে জানার চেষ্টাও করেন না। যখন জানার চেষ্টা করেন, তখন অন্যজন জানলেও তাঁর কাছ থেকে গোপন করার সর্বাত্মক চেষ্টায় রত থাকেন। ৪. পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে দলিল গোপন করা এবং জাল দলিল সৃষ্টি করা দীর্ঘদিনের চর্চায় পরিণত হয়েছে। ৫. অনেকে ফুফু ও বোনকে বঞ্চিত করার জন্য ‘তাঁরা মৃত ব্যক্তির কোনো ওয়ারিশ নয়’—এ রকম ওয়ারিশান সনদপত্রও নিয়ে আসেন।৬. আদালতে যেসব বিভাগীয় মোকদ্দমা, স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা, ঘোষণার মোকদ্দমা দায়ের হচ্ছে, তার মূল কারণ হচ্ছে অংশনামা না থাকা। পারিবারিক রেজিস্টার্ড অংশনামা থাকলে অনেক মামলা-মোকদ্দমা দায়েরই করতে হতো না। প্রতিটি পরিবারে অংশনামা থাকা উচিত। অংশনামা না করার মূল উদ্দেশ্য হচ্ছে বঞ্চিত করা। যিনি সম্পত্তিতে বেশি দখলে আছেন, যিনি সম্পত্তির ঘরভাড়ার টাকা, মার্কেট ভাড়ার টাকা, কৃষিজ ফসলের লাভ এককভাবে ভোগ করছেন, তিনি স্বাভাবিকভাবে অংশনামা করতে চাইবেন না। এ রকম দীর্ঘদিন অন্য ওয়ারিশদের হিস্যা না দিয়ে সম্পত্তি ভোগ করার অন্যায়ের জগদ্দল পাথর আমাদের সমাজের ওপর চেপে বসেছে। বাবা মারা যাওয়ার পর এতিম সন্তানদের চাচারা ন্যায্য পাওনা দিচ্ছেন না, বোনের ওয়ারিশে অন্য ভাইয়েরা বঞ্চিত করছে—এ রকম লাখ লাখ করুণ কাহিনি আদালত অঙ্গনের নিত্যদিনের ঘটনা। এ রকম মারাত্মক অন্যায় প্রতিরোধের জন্য রাষ্ট্রকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। ভূমি লোভীদের আইনি কাঠামোর মধ্যে আনতে হলে ‘পারিবারিক অংশনামা বাধ্যতামূলক আইন’ পাস করতে হবে। তাহলে জমিতে ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হবে। অনেক ব্যক্তি আছেন, যাঁরা জমিতে তাঁদের মালিকানা প্রতিষ্ঠা করতে না পারার কারণে দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। লেখক  আইনজীবী, চট্টগ্রাম জেলা বার