পৈশাচিক!
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্ত্রীর খণ্ডিত লাশ উদ্ধার এবং সাইফুল ইসলাম জুয়েল (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুভপুর ব্রিজের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জুয়েল পুলিশের কাছে স্ত্রী ফারহানা ইয়াসমিন মিলিকে (২৫) হত্যার কথা স্বীকার করেছেন। চট্টগ্রামে হত্যার পর কার্টনে ভরে লাশ নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়িতে মাটিচাপা দেওয়ার জন্য।জিজ্ঞাসাবাদে সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, সাইফুল ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের ওসমান গণির ছেলে। তিনি চট্টগ্রামে জাহাজভাঙার কাজ করেন। প্রায় তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের শেখ মহিউদ্দিনের মেয়ে ফারহানাকে। স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।গতকাল রোববার সকালে ছাগলনাইয়া থানায় পুলিশ ও সাংবাদিকদের কাছে সাইফুল স্ত্রী ফারহানাকে হত্যার বর্ণনা দেন। তিনি জানান, স্ত্রী ফারহানাকে না জানিয়ে বছর খানেক আগে এক কলেজছাত্রীকে তিনি বিয়ে করেন। এর পর থেকে ফারহানার সঙ্গে তাঁর কলহ শুরু হয় এবং প্রায়ই ঝগড়াবিবাদ হতো। গত শুক্রবার রাতে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। রাতে ফারহানা ঘুমিয়ে পড়ার পর তিনি স্ত্রীর গলা টিপে ধরেন। একপর্যায়ে ফারহানা নিস্তেজ হয়ে পড়েন। শনিবার সারা দিন সাইফুল ভাবতে থাকেন লাশ কীভাবে গুম করা যায়। পরে সিদ্ধান্ত নেন গ্রামের বাড়িতে নিয়ে মাটিচাপা দেওয়ার। কিন্তু পুরো লাশটি চট্টগ্রাম থেকে ফেনীর ছাগলনাইয়া পর্যন্ত নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হবে ভেবে তিনি লাশ কয়েক টুকরা করার সিদ্ধান্ত নেন। এরপর ছুরি দিয়ে লাশটিকে কেটে চার টুকরা করেন।সাইফুল জানান, দুই টুকরা বাসার রেফ্রিজারেটরে (ফ্রিজ) রেখে বাকি দুই টুকরা মাছ বহনের কর্কশিটের দুটি কার্টনে ভরে বরফ দিয়ে ঢেকে ফেলেন। বিকেলের দিকে চট্টগ্রাম থেকে বাসে করে দুটি কার্টন নিয়ে তিনি মিরসরাইয়ের বারইয়ারহাটে পোঁছান। সেখান থেকে কার্টনে ইলিশ মাছ আছে বলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন ছাগলনাইয়ার বল্লভপুর গ্রামে যাওয়ার জন্য। কিন্তু হরতালের আগের দিন নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ শুভপুর ব্রিজের কাছে একটি তল্লাশি চৌকি বসায়। সেখানে পৌঁছার পর পুলিশ অটোরিকশা থামিয়ে কার্টনে কী আছে জানতে চাইলে সাইফুল বলেন, মাছ আছে। পুলিশ এতে সন্তুষ্ট না হয়ে খুলে লাশের টুকরা দেখতে পান। এরপর পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল আবসার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশের টুকরা ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফারহানার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। সাইফুলকে চট্টগ্রামের বন্দর থানার পুলিশের হেফাজতে পাঠানো হচ্ছে। সেখানেই মামলা হবে। তা ছাড়া সাইফুলের বাসায় ফ্রিজ থেকে লাশের বাকি দুই টুকরা উদ্ধার করবে বন্দর থানার পুলিশ।