পোকার কামড়ে অসুস্থ জঙ্গলে আশ্রয় নেওয়া আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটে সহিংস ঘটনার পর বিভিন্ন জঙ্গলে আশ্রয় নেওয়া আদিবাসীরা অস্বাস্থ্যকর পরিবেশে মশা ও পোকামাকড়ের কামড়ে অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার জঙ্গলে ঘুরে আদিবাসীদের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।বাঘাইহাটের গুচ্ছগ্রাম থেকে আট কিলোমিটার দূরে ডুলুবন্যা জঙ্গল। সেখানে গিয়ে জানা গেছে, বাঙালি-আদিবাসী সহিংসতার পর গুচ্ছগ্রামের অনেক আদিবাসী পরিবার এই জঙ্গলে আশ্রয় নিয়েছে। কিন্তু সেখানে মশা ও পোকার কামড়ে তারা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে বিষু কুমার চাকমা গত সোমবার জঙ্গলের পাশে একটি কলার বাগানে আশ্রয় নেন। বিষু কুমার চাকমার মতো জঙ্গল ছেড়ে আসেন সমর বিজয় চাকমা, জ্যোতি বসু চাকমা, অনিল কুমার চাকমা, ধন রঞ্জন চাকমার পরিবারসহ ১০-১২টি পরিবার। এসব পরিবারের বেশির ভাগ সদস্য অসুস্থ। জঙ্গল ছেড়ে বের হয়ে আসা প্রকাশ কুসুম চাকমা জানান, অনেক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। তাঁর চার বছরের শিশু ধন চান চাকমা পাঁচ দিন ধরে অসুস্থ। শুধু ডুলুবন্যা নয়, করল্যাছড়ি এলাকায়ও একই অবস্থা। ওই জঙ্গলে আশ্রয় নেওয়া বিজয় বালা চাকমা (৩৮) জানান, সেখানে ডজনখানেক আদিবাসী পরিবার আশ্রয় নিয়েছে। তাঁরা গঙ্গারাম মুখ, চামিনিছড়া ও রেতকাবাছড়া থেকে আসেন। তাঁদের শিশুরাও জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত। সেখানে আশ্রয় নেওয়া লক্ষ্মী দেবি চাকমা জানান, সহিংসতায় তাঁদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। জঙ্গলে আশ্রয় নেওয়ার পর তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে। কোনো ওষুধ খাওয়াতে পারেননি। শুধু বনের লতা-পাতা দিয়ে চিকিত্সা দেওয়া হচ্ছে। আশ্রয় নেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের ত্রাণ হিসেবে চাল, ডাল, হাঁড়ি-পাতিল ও কাপড় দেওয়া হলেও কোনো ওষুধ দেওয়া হয়নি। সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এল থাংয়া পাংখোয়া জানান, জঙ্গলে আশ্রয় নেওয়া আদিবাসীরা অসুস্থ হয়ে পড়ছে। তাদের ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের কাছে এখনো কারও অসুস্থ হওয়ার সংবাদ আসেনি। খোঁজ নিয়ে দেখব কেউ অসুস্থ হয়ে পড়েছে কি না।’