এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মানবজমিন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে যৌথভাবে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মুরাদ পারভেজ ও আসাদুল ইসলাম। পরিচালনা করছেন মুরাদ পারভেজ। নাটকে অভিনয় করছেন অপূর্ব। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরলেন কবে?৩ জুন। আমার সঙ্গের সবাই অবশ্য অনেক আগেই ফিরেছেন। আমি অনেক জায়গায় ঘুরেছি। জাহাজে গভীর আটলান্টিকে গিয়েছিলাম। সেখানে খুব কাছ থেকে তিমি মাছ দেখেছি। ছবি তুলেছি। হার্লে ডেভিডসনের মোটরসাইকেলের শোরুমে গিয়েছিলাম। সেখানে যাঁরা কাজ করেন, তাঁদের বিশাল শরীর। আমরা তো তাঁদের কাছে কিছুই না। সারা গায়েই উল্কি আঁকা। তাঁদের তো এত দিন শুধু টিভিতেই দেখেছি, এবার কাছ থেকে কথা বলেছি। তাঁরা পরিচয় জানার পর আমাকে শুভেচ্ছা জানিয়েছে, আমার সঙ্গে ছবি তুলেছেন। এই কয়েক দিনে অনেক ঘটনা, বলে শেষ করা যাবে না।সেখান থেকে ফিরে কী কাজ করছেন?শাহরুখ শহীদের লেখা শেষ গল্প নিয়ে চয়নিকা চৌধুরী একটা নাটক তৈরি করেছেন। নাম সায়াহ্নে। এ নাটকে আমি আর তিন্নি অভিনয় করেছি। দুজনই ক্যানসারের রোগী। আমাদের প্রাণশক্তি ক্রমেই শেষ হচ্ছে। কক্সবাজারের সমুদ্রসৈকতে আমাদের পরিচয় হয়। এরপর আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করি। চমৎকার গল্প। ঈদের জন্য এটি তৈরি হয়েছে।‘মানবজমিন’ নাটকের কথা বলুন।এ নাটকে বেশ কিছুদিন আগে কাজ করেছিলাম। বছরখানেক তো হবেই। শ্রীমঙ্গলে। ওখানে সন্ধ্যার পর কাজ করতে গিয়ে খুব অসুবিধা হতো। চা-বাগানে নানা ধরনের পোকা। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে সব এসে ভিড় করত। আমরা সংলাপ বলা তো দূরের কথা, মুখই খুলতে পারতাম না। পোকা ঢুকে পড়ত। পোকার সঙ্গে যুদ্ধ করেছি।আপনি তো এই মুরাদ পারভেজের আরেকটা ধারাবাহিকে কাজ করেছেন।হ্যাঁ, অচেনা মানুষ। ওটা এখন এটিএন বাংলায় দেখানো হচ্ছে। শুরুতে মুরাদ পারভেজ ছিলেন। এখন অবশ্য পরিচালনা করছেন রিপন নবী। এ নাটকে আমি শহরের খুব ধনী পরিবারের ছেলে। বাবা কিংবা পরিবারের অনেক কিছুই মানতে পারি না। পছন্দ না হলে কোনো কিছু বলতে এতটুকু দ্বিধা করি না। এটা প্রতিদিনের ধারাবাহিক হিসেবে তৈরি হচ্ছে।