ডিগবাজির রকমফের রয়েছে। তবে রাজনীতির ময়দানে দলবদলের ক্ষেত্রে শব্দটার ব্যবহার বেশি। আবার খেলার মাঠেও ডিগবাজি হয়, তা মূলত আনন্দ প্রকাশের ভঙ্গি। রুটি-রোজগারের জন্যও মানুষ ডিগবাজি খায়। সেটা সাধারণত সার্কাস-মঞ্চে। তবে পেট চালাতে মানুষ পথেঘাটেও যে ডিগবাজি খায়, তা দেখালেন ৪৫ বছর বয়সী পোদ্দার।পোদ্দারের আচরণ খানিকটা অস্বাভাবিক। তাঁর নামটা নিয়েও সন্দিহান সবাই। কবে কে তাঁকে পোদ্দার ডাকা শুরু করেছেন, তাতে বাপ-দাদার নামটাই উধাও! সাদাসিধে পোদ্দার নিজের প্রকৃত নামটাও ভুলে বসে আছেন। বলা যায়, দুনিয়াদারির তিনি তেমন কিছুই বোঝেন না। পোদ্দার পুরান ঢাকার লালচাঁন মুকিম লেনের বাসিন্দা। তাঁকে কাজে রাখবেন, তেমন ভরসা পান না কেউই। সকালবেলা বাসা থেকে খেয়ে বের হন পোদ্দার। তারপর ঘুরে বেড়ান পুরান ঢাকার ধোলাইখাল, নবাবপুর রোড এলাকায়। দোকানিরা পোদ্দারের সঙ্গে মজে যান। কেউ ডিগবাজি দিতে বললে, পথেই শুরু হয় পোদ্দারের ডিগবাজি খেলা। বিনিময়ে দোকানিরা তাঁকে দেন ১০-২০ টাকা। কেউ খাওয়ান চা। ভরদুপুরে কেউ আবার ভাতও খেতে দেন পোদ্দারকে। এভাবেই সারা দিনের খাবারটা জুটে যায়। ডিগবাজি দিয়ে পোদ্দার যেমন আনন্দ পান, আবার দর্শনার্থীরা বেশ মজা লুটে নেন। লোকে তাঁকে ‘ডিগবাজি পোদ্দার’ নামেই বেশি চেনেন।লেখা ও ছবি: ফারুখ আহমেদ