রাজশাহীর বাগমারায় বেসরকারিভাবে গড়ে ওঠা সাতটি হ্যাচারির মধ্যে পাঁচটিই বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে হ্যাচারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে বাগমারা ও এর আশপাশের এলাকায় প্রয়োজনীয় সময়ে পোনা মাছের আকাল দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের দিকে উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে রেণুপোনা উৎপাদনের জন্য হ্যাচারি স্থাপন করা হয়। সূত্রমতে, উপজেলার ছয় হাজার ৬৬৮টি পুকুরের ওপর নির্ভর করে পরবর্তী সময়ে পর্যাক্রমে আরও ছয়টি হ্যাচারি গড়ে ওঠে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বাগমারার তাহেরপুরে মনিকা মৎস্য হ্যাচারি, রামরামায় ভাই ভাই মৎস্য হ্যাচারি, গোয়ালকান্দিতে স্টার মৎস্য হ্যাচারি, শিকদারীতে মিজান হ্যাচারি, শিতলাইয়ে মনোয়ারা মৎস্য হ্যাচারি, শ্রীপুররামনগরে মেরিনা মৎস্য হ্যাচারি ও মচমইলে বাণী মৎস্য হ্যাচারি ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে। এর মধ্যে তাহেরপুরের মনিকা হ্যাচারি ১৯৯৮ সালে জাতীয় পুরস্কার লাভ করে রেণুপোনা উৎপাদনে অবদান রাখার জন্য। খোঁজ নিয়ে জানা যায়, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এসব হ্যাচারিতে সরকারি কোনো সহযোগিতা দেওয়া হয় না। এসব হ্যাচারিতে রেণুপোনা উৎপাদন করে উপজেলার মৎস্যচাষিদের চাহিদা পূরণ ছাড়াও আশপাশের দুর্গাপুর, আত্রাই ও মান্দা এলাকায় সরবরাহ করা হতো। তবে কয়েক বছরের মধ্যে দুর্দিন নেমে আসে হ্যাচারিগুলোতে।খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন কারণে গত কয়েক বছরে কয়েকটি হ্যাচারি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া হ্যাচারিগুলো হলো ভাই ভাই, স্টার, মিজান, মনোয়ারা ও মেরিনা মৎস্য হ্যাচারি। বাকি দুটি টিকে থাকলেও তাদের সমস্যার শেষ নেই। বন্ধ হয়ে যাওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে—সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও প্রতিকূল আবহাওয়া। হ্যাচারির মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের রেণুপোনা উৎপাদনের যথেষ্ট দক্ষতা না থাকায় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এতে আর্থিক ক্ষতির শিকারও হতে হয় তাঁদের। স্থানীয় মৎস্য বিভাগের সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হ্যাচারির মালিক। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, হ্যাচারিগুলো নিয়ম মেনে স্থাপন করা হয়নি। তাদের কোনো নীতিমালা নেই। তবে অসহযোগিতার ব্যাপারে মৎস্য কর্মকর্তা কিছু বলেননি। বন্ধ হয়ে যাওয়া হ্যাচারির মালিক পরেশ জানান, লাভের আশায় হ্যাচারি করলেও এখন লোকসান গুনতে হয়েছে। এ কারণে তা বন্ধ করে দিয়েছেন। শিকদারীর মিজান মৎস্য হ্যাচারির মালিক দেছের আলী জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের মতো আর রেণু উৎপাদন করা যায় না। পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় রেণু উৎপাদন করেও পোনা সংরক্ষণের জায়গা পাওয়া যায় না। এ ছাড়া ডিমওয়ালা মা-মাছ পাওয়া যায় না। শুষ্ক মৌসুমের শুরুতে উপজেলার পুকুর, খাল, বিল শুকিয়ে যাচ্ছে। ফলে মা-মাছ রাখা সম্ভব হচ্ছে না এবং রেণু উৎপাদন করেও তা রাখার মতো জলাশয় পাওয়া যাচ্ছে না। এসব কারণে হ্যাচারি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রামরামার ভাই ভাই হ্যাচারির মালিক এমাজ উদ্দিন। উপজেলা মৎস্য কর্মকর্তাও তাঁদের সঙ্গে একমত পোষণ করেছেন। উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, বাগমারায় মোট সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ছয় হাজার ৬৬৮টি পুকুর ও ২৫টি বিল রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৯৯৮টি ব্যক্তিমালিকানাধীন পুকুর রয়েছে। এসব পুকুরের ওপর নির্ভর করে হ্যাচারিগুলো গড়ে উঠেছিল। বাগমারায় উৎপাদিত পোনা এলাকার চাহিদা মেটাতে সক্ষম হতো। এ ছাড়া এসব পোনা আশপাশের উপজেলায় রপ্তানি করা হতো বলে জানিয়েছেন হ্যাচারির মালিকেরা। তবে কয়েক বছর ধরে জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পানি না থাকায় বাগমারার ৩০ শতাংশ পুকুর-জলাশয় পুরোপুরি মাছ চাষের অনুপযোগী হয়েছে। এ ছাড়া কিছু পুকুরে পানি থাকলেও তাতে পোনা সংরক্ষণ করা সম্ভব নয়। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে পুকুরের পানি শুকিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কিছু পুকুরে পানি থাকলেও পোনার অভাবে মাছ চাষ সম্ভব হচ্ছে না। যমুনায় উৎপাদিত পোনার দিকে চেয়ে থাকতে হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।এসব হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় নির্দিষ্ট সময়ে পোনা-সংকট দেখা দেয়। এতে করে মৎস্যচাষিদের এলাকার বাইরে থেকে বেশি দামে পোনা আনতে হচ্ছে। বাগমারা পশ্চিমপাড়া গ্রামের মৎস্যচাষী মানিক উদ্দিন জানান, তিনি পোনার জন্য অপেক্ষা করে কয়েক দিন আগে বাইরে থেকে তা সংগ্রহ করে এনে পুকুরে ছেড়েছেন। নওশাদ আলী নামের আরেক মৎস্যচাষিও একইরকম কথা বলেছেন। তাঁদের দাবি, এলাকায় পোনা উৎপাদন হলে সহজে পাওয়া যাবে। সে সঙ্গে দামও কমবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাজশাহী জেলায় একমাত্র বাগমারায়ই ব্যক্তি উদ্যোগে হ্যাচারি গড়ে উঠেছে। তিনি জানান, পুকুরগুলোতে পানি না থাকায় পোনা-সংকট হয়েছে। হ্যাচারি বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখানকার হ্যাচারিগুলোতে মানসম্মত পোনা উৎপাদন হয় না। তাদের অবকাঠামোও ভালো নয়। এ কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। তবে তিনি বন্ধের পেছনে প্রতিকূল আবহাওয়াকেও দায়ী করেছেন।