পোপকে আহমাদিনেজাদের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে যুক্তরাষ্ট্রের এক পাদ্রির পবিত্র কোরআন শরিফ পোড়ানোর পরিকল্পনার নিন্দা জানানোয় পোপ ষোড়শ বেনিডিক্টকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের প্রেসিডেন্ট এক চিঠিতে পোপকে এ ধন্যবাদ জানান। আহমাদিনেজাদ তাঁর চিঠিতে ভ্যাটিকান ও ইরানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা স্থাপনের আহ্বান জানিয়েছেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা মিরতাজোদিনি চিঠিটি পোপের কাছে হস্তান্তর করেন। পোপের কাছে লেখা ওই চিঠির একটি অনুলিপি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাদ্রি টেরি জোনস ৯/১১-এর বার্ষিকীতে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর হুমকি দেন। তাঁর এ ঘোষণায় বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় বয়ে যায়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, পোপ ষোড়শ বেনেডিক্টসহ বিশ্ব নেতারা পাদ্রি টেরি জোনসের এ পরিকল্পনার তীব্র নিন্দা ও তা বাতিলের আহ্বান জানান। পরে ওই পাদ্রি তাঁর পরিকল্পনা স্থগিত করেন।—বিবিসি