পোল আছে লাইন আছে বিদ্যুত্ নেই
২০০০ সালে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। খুঁটিতে কেব্ল লাগানো হয়েছে তিন বছর আগে। দুই বছর আগে বাড়িতে ওয়্যারিং করা হয়েছে। কিন্তু সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মানুষ এখনো বিদ্যুত্ পায়নি। গত ৫ ডিসেম্বর ওই গ্রামে গিয়ে দেখা গেছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের পোল দাঁড়িয়ে আছে। গ্রামের ৪৩টি বাড়িই ওয়্যারিং করা। বাড়ির বাইরে ঘরের বেড়ায় মিটার লাগানোর জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। গ্রামের লোকজন জানায়, ২০০০ সালে এ গ্রামে বিদ্যুতের খুঁটি বসানো হয়। ২০০৬ সালের শুরুর দিকে খুঁটিতে লাইন টানা হয়। ২০০৭ সালের শেষ দিকে এ গ্রামের ৪৩টি বাড়িতে ওয়্যারিং করা হয়। কিন্তু গ্রামের মানুষ বিদ্যুত্ পায়নি গত দুই বছরে। সে সময় বলা হয়েছিল, সাত দিনের মধ্যে বিদ্যুত্ পাবে গ্রামের মানুষ। ওই আশ্বাসের পর গ্রামের মানুষ বাড়িতে ওয়্যারিং করেছে। মিটারের জামানত হিসেবে ২০০ করে টাকাও জমা দিয়েছে প্রত্যেকে।পঞ্চগড় পল্লী বিদ্যুত্ অফিস সূত্রে জানা গেছে, গত জোট সরকারের শেষ সময়ে এই গ্রামে পোল বসানো হয়েছে। অন্যান্য মালামালের সংকটের কারণে পরে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সেই থেকে ওই গ্রামে পোল ও লাইন আছে। কিন্তু বিদ্যুত্ নেই।কৃষক ফারাজউদ্দিন (৬৫) বলেন, ‘দুই বছর আগে বাড়িত তার লাগাইছি। অফিসত ঘুরতে ঘুরতে আর ঘুরিবা মনায় না। এখন শুনছি কিছু টাকা লাগে চা খুয়ার তানে। চাইর পাশে আলো জ্বলেছে। হামেরায় খালি অন্ধারত আছি।’নাজিমউদ্দিন বলেন, ‘গ্রামের ৪৩টি বাড়ির মালিক বিদ্যুতের আশায় একই সময়ে তড়িঘড়ি করে বাড়িতে ওয়্যারিং করেছে। ওয়্যারিং করতে প্রত্যেকের এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কেউ দুই বছরে বিদ্যুত্ পাইনি।’পল্লী বিদ্যুত্ সমিতির পঞ্চগড় আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. রাজ্জাকুর রহমান জামানত হিসেবে টাকা জমা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘পোল বসানো হলেও মিটার, ট্রান্সফরমার, বৈদ্যুতিক কেব্ল সংকটের কারণে শুধু ওই গ্রাম নয়, অনেক গ্রামে বিদ্যুতায়নের কাজ বন্ধ রাখা হয়।’ তবে পর্যায়ক্রমে এসব গ্রামে বিদ্যুতের সুবিধা সম্প্রসারণ হবে বলে তিনি জানান।