যুক্তরাষ্ট্র হতাশ
পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণে সুইজারল্যান্ডের অস্বীকৃতি
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ না করার সুইজারল্যান্ডের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রলি বলেন, ‘আমরা ঘটনাটি ভুলে যাইনি।’ পোলানস্কি যেখানেই থাক তাঁকে গ্রেপ্তার অথবা আমেরিকায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।রোমান পোলানস্কিকে ৩০ বছর পুরোনো এক যৌন অপরাধের বিচারের জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কাছে প্রত্যর্পণ করতে অস্বীকার করেছে সুইজারল্যান্ড। সেইসঙ্গে সুইজারল্যান্ড তাঁকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে।পোলানস্কি (৭৬) ১৯৭৭ সালে ক্যালিফোর্নিয়ায় ১৩ বছর বয়সের একটি মেয়েকে মাদক সেবন করিয়ে তার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেন। পোলানস্কি তাঁর ফরাসি আইনজীবী হার্ভে তেমিমের মাধ্যমে প্রচারিত এক বার্তায় বলেন, ‘(সুইস) ফেডারেল অফিস অব জাস্টিসের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমার অনুভূতি জনসমক্ষে প্রকাশ করার কোনো পরিকল্পনা আমার নেই। যাঁরা আমাকে সমর্থন করেছেন, আমি কেবল আমার হূদয়ের অন্তস্তল থেকে তাঁদের ধন্যবাদ জানাতে চাই... আপনাদের অনেক অনেক ধন্যবাদ।’ পোলানস্কি এখন কোথায় কীভাবে আছেন, তা জানা যায়নি। তাঁর সহকারী হিসেবে পরিচয়দানকারী এক নারী বলেন, তিনি জিস্টাডে তাঁর বিলাসবহুল শ্যালে ছেড়ে অজ্ঞাত কোনো স্থানে চলে গেছেন। সুইজারল্যান্ডের বিচার মন্ত্রণালয় জানায়, ১৯৭৮ সালে লস অ্যাঞ্জেলেস থেকে পালিয়ে যাওয়ার আগেই পোলানস্কি তাঁর দণ্ড ভোগ করেছেন—যুক্তরাষ্ট্রের অনুরোধে এই আইনি যুক্তির বিষয়ে কারিগরি ত্রুটি থাকায় তাঁরা তাঁকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নেন।সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বলেন, ওয়াশিংটন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করতে পারে, যদিও তিনি মনে করেন না যুক্তরাষ্ট্র তা করবে।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীরভাবে হতাশ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের অ্যাটর্নি জেনারেল স্টিভ কুলির দপ্তর জানায়, পোলানস্কি ‘যদি কোনো সহযোগিতা করতে ইচ্ছুক এমন এলাকায় গ্রেপ্তার হন’ তবে কর্তৃপক্ষ আবার তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করার অনুরোধ জানাবে। —রয়টার্স