যশোরে বিএনপি-সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। ভোলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে বরিশালের গৌরনদীতে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগের এক নেতা একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।যশোর: যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমানের পোলিং এজেন্ট যুবদলের কর্মী কামাল হোসেনকে (৪০) গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি শহরের ষষ্টিতলা বুনোপাড়া এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত নয়টার দিকে ষষ্টিতলা বুনোপাড়ার প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সামনে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা কামালের বুকে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, কামাল হোসেন তাঁর পোলিং এজেন্ট হিসেবে আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাচনে বিজয়ী হলে প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে কামালকে হত্যা করেছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার সঙ্গে ষষ্টিতলা বুনোপাড়া এলাকার রনি ও শিকদার জড়িত বলে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, রনি ও শিকদার কামালের বন্ধু ছিল। তিনি বলেন, মাদকসংক্রান্ত ঘটনার জের ধরে কামাল খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচন-সম্পর্কিত কোনো বিষয় জড়িত কি না, তা এখনো জানা যায়নি।বরগুনা: বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলরের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী।হামলায় বিজয়ী কাউন্সিলর প্রার্থী আ. সালাম শরীফের সমর্থক শাহজাহান (৩৫), মামুন (২০), জোসনা বেগম (২৫) ও জহির (৩০) আহত হন। তাঁদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আ. সালাম শরীফের অভিযোগ, পরাজিত প্রার্থী মোসাফফের হোসেন ও তাঁর সমর্থকেরা এ হামলা চালিয়েছে।প্রতক্ষ্যদর্শীরা বলেন, রাত নয়টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী মোসাফফের হোসেন ও তাঁর সহযোগী লিটন, শামীম ও আইউব আলীসহ ২০-২৫ জন সমর্থক লাঠি, লোহার পাইপ ও রামদা নিয়ে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আ. সালাম শরীফের ওয়াপদা কলোনি এলাকার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্রসহ বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর করে। আ. সালামের অভিযোগ, সন্ত্রাসীরা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি গতকাল শুক্রবার পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে মোসাফফেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী বলেন, এ ঘটনায় জামাল (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গৌরনদী: বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দেওয়ায় পরাজিত প্রার্থী ও যুবলীগের নেতা মো. জুয়েল খান ব্যবসায়ী ভজন কুণ্ডের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন।ব্যবসায়ী ভজন কুণ্ড বলেন, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ২ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুয়েল খান (৩০), দুই সহযোগী আল-মামুন (২৮) ও ওয়াসিম ফকিরকে (২৫) নিয়ে তাঁর টরকী বন্দরের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয়।সূত্র জানায়, এই ঘটনার প্রতিবাদে টরকী বন্দরের সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করেন ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। পরে স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস ও গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা একটায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। মো. জুয়েল খান বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। তবে ভজন কুণ্ডের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়েছে। ওসি মো. নূরুল ইসলাম চাঁদা দাবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তিনজনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করা হয়েছে।ভোলা: ভোলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থীর পরাজয়কে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহত থানা ছাত্রদলের সভাপতি মোস্তফাকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নির্বাচনে কাজ না করার অভিযোগ তুলে রাত সাড়ে আটটার দিকে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও ছাত্রদলের সভাপতি আবদুল কাদেরকে মারধর করে বিএনপির মেয়র প্রার্থী গোলাম নবী আলমগীরের ঘনিষ্ঠ একটি পক্ষ। এ সময় থানা ছাত্রদলের সভাপতি মোস্তফা, মনির ও রিয়াদ আহত হন। পরে অপর একটি পক্ষ দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, পৌর নির্বাচনে কিছু কর্মী নিষ্ক্রিয় ছিল। এ নিয়ে দলীয় কার্যালয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ছাড়া আর কিছুই ঘটেনি। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন [নিজস্ব প্রতিবেদক, বরগুনা, যশোর অফিস, ভোলা ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি]