পোলিশ বিমান দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার স্মলেনস্ক শহরে গত ১০ এপ্রিল পোলিশ বিমানবাহিনীর একটি তুপোলেভ তু-১৫৪ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে পোল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট লেচ কাচজিনস্কিসহ নিহত হন বিমানের ৯৬ জন যাত্রী ও ক্রুর সবাই। বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয়। ২০১০ সালের অন্যতম উল্লেখযোগ্য একটি বিমান দুর্ঘটনা এটি।রাশিয়ার কাতিন জঙ্গলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ বাহিনীর হাতে নিহত পোলিশ সেনাদের এক স্মরণসভায় যোগ দিতে কাচজিনস্কি একটি প্রতিনিধিদল নিয়ে সেখানে যাচ্ছিলেন। কাতিন গণহত্যার ওই স্থানটি স্মলেনস্ক শহর থেকে ১৯ কিলোমিটার দূরে।প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, দেশটির তৎকালীন উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং সেনা ও নৌপ্রধান, ১২ জন পার্লামেন্ট সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন আবহাওয়া খারাপ ছিল। ঘন কুয়াশার মধ্যেই পাইলট স্মলেনস্ক-নর্থ এয়ারপোর্টে অবতরণের চেষ্টা করেন। অবতরণের আগের কিছুটা সময় বিমানটি খুব নিচু দিয়ে উড়ছিল। ঘন কুয়াশায় ৫০০ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে সম্ভবত রানওয়ের কাছে গাছে ধাক্কা খেয়ে ভূপাতিত হয় বিমানটি।দুর্ঘটনার পর পোল্যান্ডের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা জানান, প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি ২০ বছরের পুরোনো ছিল। ২০০৫ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেন রাজধানী ওয়ারশর সাবেক মেয়র লেচ কাচজিনস্কি। পূর্বসূরি আলেক্সান্ডার কাওয়াসনস্কির মতোই তিনিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগিতা বজায় রাখেন।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকেই সোভিয়েত-পরবর্তী পুরো সময়ে পোল্যান্ডের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পোলিশ নেতা। সত্তরের দশক থেকে কমিউনিস্ট-বিরোধী আন্দোলন শুরু করা এই রাজনীতিক বরাবরই রাশিয়াবিরোধী ছিলেন। এমনকি একবার রাশিয়ার ওপর অবরোধ আরোপের জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আবেদনও করেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল কাচিনস্কির সুসম্পর্ক।বিশ্বজুড়ে কাচিনস্কির পরিচিতির একটি বড় কারণ, তাঁর যমজ ভাই জারস্ল কাচজিনস্কি। তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে দুই ভাই একই সঙ্গে পোল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হয়ে বিশ্বজুড়ে আলোচিত হন। আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জারস্ল ক্ষমতা থেকে বিদায় নিলেও লেচ কাচজিনস্কি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন।রাজনীতিতে আসার আগে দুই ভাই পোল্যান্ডে পরিচিতি লাভ করেছিলেন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। মাত্র ১৩ বছর বয়সেই তাঁরা সাড়া জাগানো দোজ টু হু উড স্টিল দ্য মুন সিনেমায় অভিনয় করেন। ৬০ বছর বয়স পর্যন্ত পুরোটা সময়ই দুই ভাইয়ের মধ্যে ছিল অসম্ভব মিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর সবার আগে জারস্লই ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেন।প্রেসিডেন্ট কাচজিনস্কির মৃত্যুর পর পোল্যান্ডের সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন পার্লামেন্টের স্পিকার ব্রোনিস্ল কমোরোস্কি। দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। কাচজিনস্কির জমজ ভাই জারস্ল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গত ২০ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার পর দ্বিতীয় দফা ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। নির্বাচনে ১০ জন প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সিভিক প্ল্যাটফরম পার্টির প্রার্থী ব্রোনিস্ল কোমোরস্কি ও ল অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী জারস্ল কাচজিনস্কির মধ্যে। গত ৪ জুলাই দ্বিতীয় দফা ভোট গ্রহণে উদারপন্থী বলে পরিচিত ব্রোনিস্ল কোমোরস্কির জয় নিশ্চিত হয়। কোমোরস্কি ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পান। জারস্ল কাচজিনস্কি পান ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট। জারস্ল নির্বাচনের ফল মেনে নিয়ে কোমোরস্কিকে অভিনন্দন জানান। কোমোরস্কি এখন পোল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।