পোল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪ (ভিডিও)
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার রাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। দেশটির জরুরি সাহায্য সংস্থা এ কথা জানিয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।গতকাল স্থানীয় সময় রাত নয়টায় পোল্যান্ডের জ্যাকজেকোসিনি শহরে এ ঘটনা ঘটে। এ সময় একটি ট্রেন ওয়ারশো থেকে দক্ষিণে ক্র্যাকাউয়ের দিকে এবং অন্যটি প্রেজমিলস থেকে ওয়ারশোর দিকে যাচ্ছিল। পোল্যান্ডের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে দেশটির রেলওয়ে কোম্পানি পিকেপির একজন কর্মকর্তা জানান, ওয়ারশো থেকে ক্র্যাকাউ অভিমুখী ট্রেনটি ভুল পথে চলছিল। যে কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় নিহত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি জানান, তিনি বিধ্বস্ত ট্রেনের ভেতরে বেশ কয়েকটি মৃতদেহ দেখতে পেয়েছেন। তাঁদের মধ্যে এখনো অনেকে বেঁচে আছেন। তাঁরা ট্রেনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন বলেও জানান তিনি। এ ছাড়া আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে নেওয়ার জন্য ওয়ারশো ও রোক্লোর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। গতকাল মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী ট্রেনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়েছে।এদিকে, আজ রোববার সকালে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, পরিবহনমন্ত্রী স্লাওমির নোয়াক ও স্বরাষ্টমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।