পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন কোমোরস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপন্থী রক্ষণশীল ব্রোনিস্ল কোমোরস্কি আজ সোমবার পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে তিনি ৫৩ দশমিক এক শতাংশ ভোট পেয়ে পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। পোল্যান্ডের টিভিপি টেলিভিশনের বরাত দিয়ে সিনহুয়া আজ এ তথ্য জানায়।পোল্যান্ডের নিম্নকক্ষের স্পিকার ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কোমোরস্কি তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ ল অ্যান্ড জাস্টিস পার্টির (পিআইএস) নেতা ও সাবেক প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির যমজ ভাই জারস্ল কাচজিনস্কিকে খুব অল্প ভোটের ব্যবধানে হারিয়েছেন। নির্বাচনে কাচজিনস্কি ৪৬ দশমিক নয় শতাংশ ভোট পান। নির্বাচনে মোট ৫৬ দশমিক দুই শতাংশ ভোটার অংশ নেন।রাষ্ট্রীয় নির্বাচন কমিশন (পিকেডব্লিউ) জানায়, আজ সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পিকেডব্লিউ আরও জানায়, গত ২০ জুন প্রথম দফা নির্বাচনে কোমোরস্কি ৪১ দশমিক ৫৪ শতাংশ ও জারস্ল কাচজিনস্কি ৩৬ দশমিক ৪৬ শতাংশ ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দুই সপ্তাহের মধ্যে অবশ্যই দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ক্ষেত্রে জয়ী হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়াই যথেষ্ট।গত ১০ এপ্রিল রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি নিহত হওয়ার পর কোমোরস্কি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী আইন অনুযায়ী কোমোরস্কি আগাম নির্বাচনের ঘোষণা দেন।