পোশাক কারখানা বন্ধে ঢাকার মালিকদের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার মালিকদের সঙ্গে সংহতি জানিয়ে বিজিএমইএর সভাপতির হাতে প্রতীকী চাবি তুলে দিয়েছেন ঢাকা মহানগরের পোশাকশিল্পের মালিকেরা। একই সঙ্গে আশুলিয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। অন্যথায় বিজিএমইএ সারা দেশের কারখানা বন্ধের মতো সিদ্ধান্ত নিলে মালিকেরা তা মেনে নেবেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে আজ সোমবার রাতে এই প্রতীকী চাবি হস্তান্তর অনুষ্ঠান হয়। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের হাতে ঢাকা মহানগর পোশাকশিল্প মালিকদের পক্ষে চাবি তুলে দেন গাজীপুরের ডট কম সোয়েটারের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বর্তমান সহসভাপতি মো. আতিকুল ইসলাম প্রমুখ। এর আগে মিরপুর, টঙ্গী, গাজীপুর, কাঁচপুর, নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের পোশাকশিল্প কারখানার মালিকদের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বিজিএমইএর নেতারা।সৈয়দ ফয়জুল হাসান বলেন, ‘আশুলিয়ার পোশাক মালিকদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। সভাপতির হাতে প্রতীকী চাবি তুলে দেওয়ার অর্থ হলো, যদি সাম্প্রতিক ঘটনা শক্ত হাতে দমন না করা হয়, তবে আমরা সব কারাখানা বন্ধ করতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘প্রয়োজনে বিজিএমইএ যদি কারখানার বন্ধের সিদ্ধান্ত নেয়, তা আমরা মেনে নেব। সে জন্য সভাপতিকে আমরা “পাওয়ার অব অ্যার্টনি” দিয়ে গেলাম।’ ফয়জুল হাসান আরও বলেন, ‘আশুলিয়ার ঘটনার পর বিদেশি ক্রেতারা কার্যাদেশ প্রত্যাহার করা শুরু করেছেন। এতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।’ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আশুলিয়ার মতো আর কোনো কারখানা আক্রান্ত হলে দেশের সব পোশাক কারাখানা বন্ধ করে দিতে বাধ্য হব। আমাদের হাতে আর কোনো বিকল্প নাই।’ বিজিএমইএর সভাপতি আরও বলেন, পোশাক খাতের উত্পাদন ফিরিয়ে আনতে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। অপশক্তির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কাজটি যত বিলম্বিত হবে, দেশ অর্থনৈতিকভাবে ততই পিছিয়ে পড়বে।আশুলিয়ার পোশাক কারখানা খোলার বিষয়ে কোনো আলোচনা বা আশ্বাস এখনো আসেনি বলে জানান সফিউল ইসলাম।