পোশাক কারখানার দুই মালিক ও দুই প্রকৌশলী রিমান্ডে
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় পুলিশ গতকাল শনিবার ভোররাতে সাভার পৌরসভার প্রকৌশলী মো. এমতামাম হোসেন ও সহকারী প্রকৌশলী মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে। পুলিশ এমতামাম হোসেন, আলম মিয়াসহ আগের রাতে আটক পোশাক কারখানার দুই মালিক বজলুস সামাদ ও মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, রানা প্লাজার মালিক সোহেল রানা ফাটল ধরা ঝুঁকিপূর্ণ ভবনে শ্রমিকদের কাজ করাতে বাধ্য করেছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার উপস্থিত থেকে এ সময় বলেছেন, ‘১০০ বছরেও এই ভবনের ধসে পড়ার কোনো সম্ভাবনা নেই।’ পুলিশ সূত্র জানায়, গতকাল ভোররাতে ঢাকা জেলার পুলিশ সাভারের গেন্ডার বাসায় অভিযান চালিয়ে প্রথমে আলম মিয়াকে আটক করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় ঢাকা জেলার পুলিশ রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন হাসপাতাল থেকে এমতামাম হোসেনকে আটক করে। তাঁদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পুলিশের দায়ের করা দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে আটক দুই পোশাক কারখানা নিউ ওয়েব অ্যাপারেলস লিমিটেড ও নিউ ওয়েব স্টাইলের মালিক বজলুস সামাদ আদনান এবং ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল এমতামাম হোসেন ও আলম মিয়া এবং পোশাক কারখানার দুই মালিককে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার দুই মালিককে তিন দিন করে এবং দুই প্রকৌশলীকে দুই মামলায় মোট সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দুই পোশাক কারখানার মালিক জানান, ২৩ এপ্রিল রানা প্লাজায় ফাটল ধরা পড়ার পর ভবনটি ব্যবহার না করার জন্য বলা হলেও হরতালের দিন কারখানা খোলা রেখে কাজ চালাতে হবে বলে চাপ সৃষ্টি করেন ভবনের মালিক সোহেল রানা। তাঁর উপস্থিতিতে ভবনধসের আগের দিন সাভারের ইউএনও ভবনটিতে এসে প্রকৌশলীর বরাত দিয়ে বলেছিলেন, ১০০ বছরেও এ ভবনের কিছু হবে না। জিজ্ঞাসাবাদে প্রকৌশলী এমতামাম ও আলম মিয়া বলেন, ভবনে ফাটলের খবর শুনেও তাঁরা ভবনটি পরিদর্শনে যাননি। রানার তথ্য পেতে আটক: রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তারে তথ্য জোগাড়ের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী মিতুসহ চারজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে পুলিশ বলেছে, সোহেল রানার চাচাতো ভাই জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী মুন্নি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে আনা হয়েছে। জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত বুধবার ভবনধসের পর জাহাঙ্গীর স্ত্রী মুন্নিকে নিয়ে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকায় শ্বশুরবাড়িতে যান। গত বৃহস্পতিবার সাভার থানার পুলিশ সেখান থেকে তিন মাসের শিশুসহ মুন্নি ও তাঁর আত্মীয় আনোয়ারকে আটক করে। এরপর শুক্রবার জাহাঙ্গীরকে আটক করা হয়।