পোশাক কারখানার নিরাপত্তা, চাপ বাড়ছে খ্যাতনামা ব্র্যান্ডের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পোশাক শিল্পকারখানায় শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নে বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। রানা প্লাজায় ভবনধস ও বহু শ্রমিক হতাহতের ঘটনায় শ্রমিক অধিকার নিয়ে কাজ করছে এমন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নামীদামি প্রতিষ্ঠানের ভূমিকার সমালোচনা করেছে। ক্লিন ক্লোদস ক্যাম্পেইন নামের একটি সংগঠনের মুখপাত্র টেসেল পলি বলেছেন, ‘এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এখনো পর্যন্ত স্বনামখ্যাত ব্র্যান্ডগুলো কারখানায় বিদ্যমান অনিরাপদ পরিস্থিতি বন্ধে ইউনিয়ন ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনো চুক্তি করছে না।’ ক্লিন ক্লোদস ক্যাম্পেইন আরও বলেছে, মৃত্যুর এই মিছিল থামবে না। খ্যাতনামা ব্রান্ড ও সরকার যদি আলাদাভাবে ভবনের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ-ব্যবস্থা নিয়ে একসঙ্গে কাজ করতে না পারে, তবে বহু মানুষ প্রাণ হারাবে। রানা প্লাজার এই ধস প্রমাণ করেছে পোশাক শিল্পমালিকেরা নিজেরাই ভবনের নিরাপত্তা বিধান করবেন বলে যে কথা দেন, তাতে শ্রমিকের প্রাণ রক্ষা হয় না। উল্লেখ্য, ক্লিন ক্লোদস ক্যাম্পেইন ইউরোপের ১৫টি দেশের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি সংগঠন। গোটা বিশ্বে পোশাক শিল্পকারখানার শ্রমিকদের অধিকার নিয়ে সংগঠনটি কাজ করে থাকে। এই সংগঠনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠনও যুক্ত রয়েছে। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর এই মোর্চা জানিয়েছে, তাদের কর্মীরা সাভারের ধসে পড়া ভবনে ঢুকে দেখতে পেয়েছেন সেখানে ইউরোপের বিখ্যাত বেশ কিছু ব্র্যান্ডের লেবেল ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে কানাডার ম্যাঙ্গো ও ব্রিটেনের প্রাইমার্ক। প্রাইমার্ক ইংল্যান্ডের জনপ্রিয় একটি ব্র্যান্ড। ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রাইমার্কের আড়াই শতাধিক শাখা রয়েছে। প্রাইমার্ক তাদের ওয়েবসাইটে স্বীকার করেছে, রানা প্লাজার একটি তলায় তাদের প্রতিষ্ঠানের পোশাক তৈরি হচ্ছিল। প্রতিষ্ঠানটি ভবনধসে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, বিশ্বের অন্যান্য ব্র্যান্ডগুলোর সঙ্গে তারাও পোশাক কারখানার মান মূল্যায়ন করে দেখছে এবং মূল্যায়নে ভবন নিরাপত্তার বিষয়টি যেন বিশেষভাবে বিবেচনা করা হয়, সে ব্যাপারে তারা জোর দাবি জানাবে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), হাফিংটন পোস্ট, এশিয়া নিউজ বলছে, রানা প্লাজার তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত অবস্থিত পোশাক কারখানাগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের কাছে পোশাক সরবরাহ করত। এই ব্র্যান্ডগুলোর মধ্যে প্রাইমার্ক ও ম্যাঙ্গো ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রেস বার্ন, কানাডার দি চিল্ড্রেন’স প্লেস ও জো ফ্রেশ এবং হংকং এ বেনেটনের এশীয় শাখা। ওয়ালমার্ট জানিয়েছে, তারা খোঁজখবর নিচ্ছে রানা প্লাজার কোনো প্রতিষ্ঠান থেকে তারা পোশাক নেয় কি না। কানাডীয় প্রতিষ্ঠান চিল্ড্রেন’স প্লেস বলেছে, তারা রানা প্লাজার একটি প্রতিষ্ঠান থেকে পোশাক নেয়। তবে ভবনধসের সময় তাদের কোনো পোশাক তৈরি হচ্ছিল না। ম্যাঙ্গোর দাবি, তারা এখনো কোনো পোশাক নেয়নি, তবে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছিল। ড্রেস বার্ন জানিয়েছে ২০১০ সালের পর থেকে তারা আর রানা প্লাজার কোনো কারখানা থেকে কাপড় নেয়নি। শ্রমিকের অধিকার সংরক্ষণে কাজ করছে এমন সংগঠনগুলো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে খ্যাতনামা ব্র্যান্ডগুলোকে। পাঁচ মাস আগে তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে শতাধিক শ্রমিক প্রাণ হারান। ওয়ালমার্টে তাজরীন পোশাক সরবরাহ করত। শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি তোলা হলেও ওয়ালমার্ট ক্ষতিপূরণ দেয়নি।