পোশাক কারখানার মান ভালো হওয়ার দাবি শুধু কথাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকেরা কম বেতন পান, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন এবং প্রায়ই দুর্ঘটনায় মারা যান। গত দুই দশকে ১৬৮টি আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তাতে মারা গেছেন প্রায় ৩০০ শ্রমিক। প্রতিটি দুর্ঘটনার পর কারখানার মান ও কাজের পরিবেশ ভালো করার কথা বলা হলেও পরিস্থিতি তেমন উন্নত হয়নি। ভালো হওয়ার দাবি কেবল কাগজে-কলমেই। প্রতিটি দুর্ঘটনার পর নিয়ম মেনে মামলা হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদাহরণ নেই। মামলা করার বড় কারণ প্রকৃতপক্ষে বিমাসংক্রান্ত ক্ষতিপূরণ পাওয়া। ফলে প্রতিটি ঘটনা নিয়ে মামলা হলেও সমস্যার তেমন উন্নয়ন ঘটেনি। গত বৃহস্পতিবার রাতে শ্বাসরুদ্ধ হয়ে ২১ জন শ্রমিক মারা যাওয়ার ঘটনা দ্রুত ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বের সংবাদমাধ্যমগুলো। এর ফলে শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্প আরেকবার ভাবমূর্তি সংকটে পড়ে গেছে। বরাবরের মতো এবারও দুর্ঘটনায় নিহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তৈরি পোশাক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ঊর্ধ্বতন গবেষক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ক্ষতিপূরণ দেওয়াটাই যথেষ্ট নয়। কেননা এর ফলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনা ঘটেছে একটি স্যুয়েটার কারখানায়। তৈরি পোশাকের মধ্যে স্যুয়েটার এখন সবচেয়ে বর্ধনশীল খাত। এই খাতের সম্ভাবনা অনেক বেশি। সুতরাং বাংলাদেশের মতো একটি পরিপক্ব রপ্তানিকারক দেশের কারখানাগুলো হওয়া উচিত অনেক বেশি মানসম্মত। কিন্তু দেখা যাচ্ছে, এ ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়ে গেছে। তার মতে, যেকোনো বিচারেই স্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা গ্রহণযোগ্য নয়। মালিকপক্ষ বারবার কারখানার মান ও কাজ করার পরিবেশ ভালো করার কথা বলেছে। কিন্তু ব্যবস্থাগুলো যে যথেষ্ট মাত্রায় ভালো নয়, সেটি আবারও প্রমাণিত হলো। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, এ ধরনের ঘটনায় সতর্ক হতে যা যা করণীয় সেটা মালিকপক্ষ করছেন না বলেই বারবার অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। যাদের নিয়ে কাজ, তাদের নিরাপত্তার ব্যবস্থা যদি করতে না পারেন, তাহলে তাদের জবাবদিহি করতে বাধ্য করা উচিত।দেশে প্রথম তৈরি পোশাক কারখানায় আগুন লেগে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছিল ১৯৯০ সালে মিরপুরে। সারাকা গার্মেন্টেসে ৩২ জন শ্রমিক মারা যান। ১৯৯৭ সালে ঢাকায় সাংহাই অ্যাপারেল নামে একটি কারখানায় আগুন লেগে ২৪ জন শ্রমিক মারা গিয়েছিল। ২০০০ সালে বনানীর গ্লোব নিটিংয়ে আগুন লেগে মারা যান আরও ১২ জন। ২০০৪ সালে ছয়টি পৃথক ঘটনায় আগুনে পুড়ে ও পদদলিত হয়ে মারা যান ২১ জন। ২০০৫ সালে ঢাকায় স্পেকট্রাম কারখানা ভবন ধসে মারা যান ৭৩ জন শ্রমিক, ২০০৬ সালে কেটিএস গার্মেন্টসে আগুন লেগে মারা যান ২৩ জন। বিজিএমইএর হিসাবে এখন পর্যন্ত ছোট-বড় তৈরি পোশাক খাতে ১৬৬টি ঘটনা ঘটেছে এবং এতে মারা যায় ২২২ জন। তবে তৈরি পোশাক খাত নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর হিসাবে মারা যান প্রায় ৩০০ জন শ্রমিক। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল লেবার কমিটির হিসাবে মারা যান প্রায় ৫০০ শ্রমিক, যাঁদের বেশির ভাগই মহিলা।এসব দুর্ঘটনার পর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে। বিকল্প সিঁড়ি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থার কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করার কথা বলা আছে। মূল দরজায় তালা না লাগানোর কথা বলা আছে। কিন্তু এর কোনোটাই সঠিকভাবে পালন না হওয়ায় বারবারই দুর্ঘটনা ঘটছে।