পোশাক কারখানার শৌচাগারে রক্ত: তদন্তের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামে ‘করণী নিট কম্পোজিট লিমিটেড’ নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ রোববার কারখানার প্রধান ফটকে বিক্ষোভ করছেন। কারখানার শৌচাগারের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্ত দেখে শ্রমিকেরা আশঙ্কা করেন, তা কোনো শ্রমিকের; যাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্তের দাবিতে তাঁরা বিক্ষোভ করছেন। শ্রমিক সূত্রে যানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা নিয়মিত কাজে যোগ দেন। কারখানার চতুর্থ তলায় সুইং সেকশনের পাশে অবস্থিত শৌচাগারে গিয়ে কয়েকজন শ্রমিক মেঝেতে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বের হয়ে প্রধান ফটকে অবস্থান নেন। তাঁরা এ রক্ত কার তা তদন্ত করে বের করার দাবি জানান। শ্রমিকদের অভিযোগ, কাউকে হত্যা করা হয়েছে। এ মাসের ২ তারিখেও কারখানার দ্বিতীয় তলায় ফিনিশিং সেকশনে কয়েকটি কার্টুনের পাশে রক্ত দেখতে পাওয়া যায়।কারখানার ব্যবস্থাপক ওয়াহেদুল হাসান জানান, কারখানায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বাইরে থেকে পশুর রক্ত এনে শৌচাগারে ফেলে গেছে।এদিকে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কায় এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।