পোশাক কারখানার সংকট নিরসনে চার সাংসদকে দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের জন্য সংশ্লিষ্ট এলাকার চারজন সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাভারের সাংসদ তৌহিদ জংকে ঢাকার, সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসানকে গাজীপুরের এবং সারাহ বেগম কবরীকে নারায়ণগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহিদ আহসান গাজীপুরের কমিটিতে কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গতকাল বিকেলে দুই ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সচিব নূরুল হক, শ্রম মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতা সাংসদ টিপু মুন্সী, গাজীপুরের সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে এলাকাগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জ। ওই এলাকার চারজন সাংসদ সমস্যা সমাধানে কাজ করবেন। মন্ত্রী জানান, বৈঠকে পোশাক খাতের অস্থিরতার কারণগুলো চিহ্নিত করে সমাধানের উপায় এবং কারখানাগুলোর নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নিরাপত্তার জন্য কমিটিগুলোকে স্থানীয় মালিক, শ্রমিক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন মালিক ও শ্রমিক সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, আইন-বহির্ভূত কোনো কর্মকাণ্ড সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। আইন লঙ্ঘনকারী মালিক ও শ্রমিকের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।ন্যূনতম মজুরি নির্ধারণের কাজ চলছে: এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী বলেন, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, পোশাক খাতে সরকার কোনো ধরনের অরাজকতা সহ্য করবে না। শ্রমমন্ত্রী বলেন, সরকার পোশাকশ্রমিকদের বেতনের সমস্যা সমাধানে আন্তরিক। আইন নিজের হাতে তুলে না নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেতনসংক্রান্ত বিষয়ে এ বছরের ২৮ এপ্রিল ত্রিপক্ষীয় মজুরি বোর্ড গঠন করা হয়। এরই মধ্যে বোর্ডের নয়টি সভা হয়েছে। সব পক্ষই বেতন বাড়ানোর ব্যাপারে একমত। তাই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বেআইনি কোনো কাজে লিপ্ত হওয়া ঠিক নয়। এর পরও কেউ অরাজকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক: পোশাকশিল্পের সমস্যাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকটি জরুরি তলবি বৈঠক হয়। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকের প্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের নামে রাস্তা দখল করে গাড়ি ভাঙচুর কিংবা জনগণের সম্পদ নষ্ট করে, এমন ব্যক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।