পোশাক কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জের সদর উপজেলায় গতকাল রোববার দিবাগত রাতে ইউরো টেক্স নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ তৈরি পোশাক, কাপড়, সুতাসহ আসবাব। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুতুবপুর নয়ামাটি এলাকায় রপ্তানিমুখী পোশাক কারখানা ইউরো টেক্সের পঞ্চমতলা ভবনের দোতলায় আগুন লাগে। শিগগিরই এ আগুন দোতলা থেকে নিচতলায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ তৈরি পোশাক, সুতা, কাপড়সহ আসবাব।খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঢাকা সদর দপ্তর ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, ঈদের ছুটির কারণে কারখানাটিতে নিরাপত্তা প্রহরী ছাড়া কেউ ছিল না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।