পোশাক কারখানায় আগুন, নিহত ৭ (ভিডিও )
রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে আজ শনিবার স্মার্ট ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত আরও এক নারী শ্রমিক হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে আগুন লাগে। বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।নিহত শ্রমিকদের মধ্যে একজন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বাকি পাঁচজনকে মৃত অবস্থায় শিকদার হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আহত আরও চারজন ওই হাসপাতালে ভর্তি আছেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আফজাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, নিহত শ্রমিকদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন জ্যোত্স্না আক্তার (২০), নাসিমা খাতুন (১৭), নাসিমা বেগম (২৮), রাজিয়া আক্তার (১৬), কোহিনূর বেগম (১৬) ও লাইজু আক্তার। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হালিম প্রথম আলো ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে দোতলা ওই কারখানাটির পেছন দিকে রাখা ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই পরে আগুন ছড়িয়ে পড়ে। শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক অঞ্জন লাল ঘোষ প্রথম আলো ডটকমকে বলেন, হাসপাতালে পাঁচজন নারী শ্রমিককে মৃত অবস্থায় আনা হয়। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। পরে আহতদের মধ্যে থেকে আরও একজন শ্রমিক মারা যান। এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জ্যোত্স্না আক্তার মারা গেছেন।