পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ডিসেম্বর আশুলিয়ার হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। আহত হন আরও দুই শতাধিক। তাঁদের মধ্যে অনেকেই ছিলেন নারী। ভবনের ছাদ থেকে লাফ দেওয়ার কারণে অনেকেই গুরুতর আহত হন। এর মধ্যে আশুলিয়ার শিন-শিন হাসপাতালে নেওয়ার পর চারজন নারী ও শিশু হাসপাতালে একজন এবং ঢাকা মেডিকেল কলেজে আরও দুজন নারী শ্রমিক মারা যান।স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হা-মীম গ্রুপের কারখানার সামনের আকাশ-বাতাস। হা-মীম গ্রুপে আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। তাঁর স্ত্রী শাহনাজ বেগম অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন স্বামীর মুখটা শেষবারের মতো দেখার জন্য। একমাত্র মেয়ে রাজিয়া বেগমের খোঁজে এসেছিলেন তাঁর মা পঞ্চাশোর্ধ্ব সুফিয়া বেগম। মেয়েটা বেঁচে আছেন কি না আর জানতে পারেননি তিনি। নাজমা আক্তার এসেছেন তাঁর বোন ও স্বামীর খোঁজে। তাঁদের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। সেদিন এভাবেই মা তাঁর সন্তানকে, বোন তাঁর ভাইকে, স্ত্রী তাঁর স্বামীকে হারিয়ে হয়ে পড়েছিলেন দিশেহারা।