পোশাক কারখানায় বেতন-বোনাস হবে ৬ আগস্টের মধ্যে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস ৬ আগস্টের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষ ও বেতন-বোনাস পরিশোধ বিষয়ে গতকাল রোববার সচিবালয়ে তৈরি পোশাক কারখানায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি জানান, পোশাকশিল্প মালিকেরা শ্রমিকদের ৬ আগস্টের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে যাতে যাতায়াতসহ অন্যান্য ক্ষেত্রে জটিলতা তৈরি না হয়, সে জন্য শিল্পাঞ্চলে পালনীয় ছুটি বাস্তবায়ন করবেন বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিএমইএ ভবনে নিয়ন্ত্রণকক্ষ খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে কোনো সমস্যা হলে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, পোশাক শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে না হওয়ার কোনো কারণ নেই।ব্যাংক থেকে ঋণ নিয়ে বেতন পরিশোধে অনেক সময় দেরি হয়— সাংবাদিকদের এমন কথায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেতন-বোনাস পরিশোধ করা হয় কারখানাগুলোর অর্জিত আয় থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে নয়। এ ছাড়া ঈদের আগে সময়মতো বেতন-বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে সহযোগিতা করবে। তিনি বলেন, ৬ আগস্ট পবিত্র শবে কদরের ছুটি থাকলেও শিল্পাঞ্চলগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ঈদের আগে কোনো প্রতিষ্ঠানে লে-অফ ঘোষণা বা শ্রমিক ছাঁটাই না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।