পোশাক খাতে জোয়ার আসছে—সংবাদ সম্মেলন করে ঢাকঢোল পিটিয়ে এমনই আশাবাদ প্রকাশ করেছিল পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এর মধ্যেই গত ২৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে আগুন লাগে। ১১১টি লাশ, দুই শতাধিক আহত-অসুস্থ, সহস্রাধিক বেকার আর শতকোটি টাকার আর্থিক ক্ষতি করে ১০ ঘণ্টা পর আগুন নেভে।২৪ নভেম্বরের আগুনের পরের দিন পুরো এলাকায় ভাসছিল শুধু পোড়া মাংসের গন্ধ। পুড়ে কালো পিণ্ড হয়ে যাওয়া দেহগুলো চেনার কোনো উপায় ছিল না। ফলে বেওয়ারিশ হিসেবে রয়ে গেছে ৫৯টি লাশ। এগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিখোঁজদের খোঁজে আসা স্বজনদের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনা নিয়ে লাশের ডিএনএর সঙ্গে মিলিয়ে পরিচয় বের করার চেষ্টা চলছে। তবে ঘটনার এক মাস পার হলেও নিখোঁজ ও আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নেই কারও কাছেই।শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারখানার ছয়টি ফ্লোরের মধ্যে কয়েকটিতে মধ্যম সারির কর্মকর্তাদের দরজা আটকে রাখা আর মালিকের অবহেলা-অব্যবস্থাপনার কারণেই এত হতাহত আর প্রাণহানি। কারখানাটির কোনো জরুরি নির্গমনসিঁড়ি ছিল না। তিনটি সিঁড়ির মধ্যে দুটি নিচতলার গুদামের ভেতরে এসে শেষ হয়েছে আর একটি একটু দূরে। আর আগুন লেগেছিল এই গুদামেই।ঘটনার পর থেকেই সরকারের পক্ষ থেকে বিষয়টিকে নাশকতা বলে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সূত্র উপস্থাপন করা হয়নি। আগুনে পোড়া ধ্বংসস্তূপ ঘেঁটে সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানলেন, এই কারখানাতেই তৈরি হতো ওয়ালমার্ট, সিয়ার্স, ডিজনির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ওয়ালমার্টসহ পাশ্চাত্যের অন্যান্য ক্রেতা-প্রতিষ্ঠানলোর উদাসীন আচরণ প্রকাশ পায় বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোতে। যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের কার্যালয়ের সামনে বিক্ষোভও হয়। ঘটনার পর আরও জানা গেল, যথাযথ অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকায় তাজরীনের ফায়ার লাইসেন্স নবায়ন করেনি ফায়ার সার্ভিস। গত ৩০ জুন এই কারখানার ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে সরকারের পক্ষ থেকে ছয় লাখ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিছু শ্রমিক টাকা পেলেও বেশির ভাগেরই অভিযোগ তাঁরা পুরো টাকাটা পাননি। অর্ধেক বা তার কম টাকা দিয়ে তাঁদের পরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বজনদের বেওয়ারিশ থাকা লাশ শনাক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। এখনো নিশ্চিন্তপুর এলাকায় গেলে দেখা মিলছে নিখোঁজদের স্বজন আর আহত শ্রমিকদের। তবে বেশির ভাগই এলাকা ছেড়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। শুধু মৃত্যুকূপ কারখানাটি বীভৎসতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। গোলাম মর্তুজা