পোশাক খাতের কম মজুরি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক খাতে শ্রমিকের কম মজুরি বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ফলে এ খাতের ভবিষ্যৎ-ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বখ্যাত ক্রেতাপ্রতিষ্ঠান ও বিভিন্ন দেশে এখন বাংলাদেশের পোশাক খাতের কম মজুরির বিষয়টি আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।বিখ্যাত ক্রেতাপ্রতিষ্ঠান ওয়াল-মার্ট প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাক কেনে। সূত্র জানায়, এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাইক ডিউকের কাছে বিশ্বের দুই হাজার ১০০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতিমধ্যে পৃথকভাবে বার্তা পাঠিয়ে বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকের কম মজুরির বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নিতেও ওয়াল-মার্টের প্রধান নির্বাহীকে আহ্বান জানিয়েছে।এদিকে ঢাকায় অবস্থিত নেদারল্যান্ড দূতাবাস সরকারের কাছে বাংলাদেশের পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে। দূতাবাস নেদারল্যান্ডভিত্তিক শ্রম অধিকার সংস্থা, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের (এফডব্লিউএফ) একটি পর্যবেক্ষণ ও আহ্বান সরকারের কাছে দিয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।এফডব্লিউএফ বলেছে, বাংলাদেশের পোশাক খাতের যে দৈনিক মজুরি, তা বিশ্বব্যাপী স্বীকৃত দারিদ্র্যসীমার (মাথাপিছু আয় দৈনিক ১ দশমিক ২৫ ডলার) নিচে রয়েছে। এ টাকায় এসব শ্রমিক ও তাঁর পরিবারের মৌলিক চাহিদা মেটানো সম্ভব নয়। উল্লেখ্য, এফডব্লিউএফের সঙ্গে রয়েছে ইউরোপের অন্তত ৬০টি বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রতিষ্ঠান। একই সঙ্গে এই শ্রম অধিকার সংস্থার সঙ্গে ইউরোপভিত্তিক বিভিন্ন উৎপাদক সমিতি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্পৃক্ত। ইউরোপে এই সংস্থাটির ব্যাপক প্রভাব রয়েছে।সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে পোশাক খাতের মজুরি সবচেয়ে কম। এ প্রতিবেদন অনুসারে তুরস্কে পোশাকশিল্পের একজন শ্রমিক প্রতি ঘণ্টায় ২ দশমিক ৪৪ মার্কিন ডলার মজুরি পান। মেক্সিকোতে পান ঘণ্টায় ২ দশমিক ১৭ ডলার, চীনে ১ দশমিক ৪৪ থেকে ১ দশমিক ৮৮ ডলার, পাকিস্তানে ০ দশমিক ৫৬, ভারতে ০ দশমিক ৫১, শ্রীলঙ্কায় ০ দশমিক ৪৪ এবং ভিয়েতনামে ০ দশমিক ৪৪ ডলার। তবে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের সমাজতান্ত্রিক সরকার শ্রমিকের জন্য খুবই সস্তায় আবাসন, পরিবহন ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে।আর বিশ্বব্যাংকের এই হিসাবের পর গত ৪ জুন চীন তাদের পোশাক খাতে মজুরি ২০ শতাংশ বৃদ্ধি করেছে। বর্তমানে সেখানে একজন শ্রমিকের মজুরি হয়েছে মাসে ১৯৭ ডলার। এ ছাড়া ১০ বছরের বেশি সময় ধরে চীনে শ্রমিকের মজুরি প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়ছে।বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশে ধারাবাহিক শ্রমিক অসন্তোষের মূলে কম মজুরিকে চিহ্নিত করে বলা হয়েছে, এতে গোটা পোশাক খাতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।বিশ্বব্যাংকের আরেক প্রতিবেদনে বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকের বিভিন্ন ধরনের মজুরি (বিশেষত, নিট খাতে প্রতি পিস হিসাবে মজুরিসহ) হিসাবে নিয়ে ঘণ্টাপ্রতি মজুরি ৩১ সেন্ট উল্লেখ করা হয়েছে।অন্য হিসাবে বাংলাদেশে পোশাক খাতের এখন পর্যন্ত সর্বনিম্ন মজুরি হচ্ছে মাসে এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা। দিনে আট কর্মঘণ্টা, মাসে চার দিন সাপ্তাহিক ছুটি বিবেচনায় নিয়ে ২৬ কর্মদিবস ও প্রতি ডলার ৬৯ টাকা হিসাবে নিলে একজন পোশাকশ্রমিকের ঘণ্টায় ন্যূনতম শ্রমমূল্য দাঁড়ায় মাত্র ০ দশমিক ১২ ডলারেরও কম।আমেরিকার পেনসিলভানিয়াভিত্তিক ন্যাশনাল লেবার কমিটি (এনএলসি) ইন্টারনেট ও তার বাইরে বিভিন্নভাবে বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকের কম মজুরি নিয়ে আন্দোলন ও প্রচারণায় নেমেছে। সংস্থাটি ই-মেইলে বিশ্বের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের পোশাকশ্রমিকের কম মজুরিতে এসব কারখানার শ্রমিকের দুরবস্থার কথা তুলে ধরেছে।এনএলসি বাংলাদেশের পোশাকের শীর্ষস্থানীয় ক্রেতাপ্রতিষ্ঠান (এ দেশ থেকে বছরে অন্তত ৩০০ কোটি ডলার বা এক-চতুর্থাংশ পোশাক কেনে) ওয়াল-মার্টের প্রধান নির্বাহীর কাছে প্রায় প্রতি দিনই শত শত বার্তা পাঠাচ্ছে।এসব বার্তায় বাংলাদেশে পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ঘণ্টায় অন্তত ৪৩ সেন্ট বা প্রায় ৩০ টাকা (প্রতি ডলার ৬৯ টাকা ধরে) নির্ধারণের আহ্বান জানিয়েছে। তারা ওয়াল-মার্টকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। উল্লেখ্য, এনএলসি মার্কিন সিনেটের ওপর অত্যন্ত প্রভাব বিস্তারকারী একটি সংস্থা।এনএলসির প্রচারে বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি ঘণ্টায় ৪৩ সেন্ট করার যে মত দেওয়া হয়েছে, তা এসেছে বাংলাদেশ সরকারের গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির সর্বনিম্ন দাবির প্রতি সমর্থন থেকে। ইতিমধ্যে ন্যূনতম মজুরি বোর্ডের আটটি সভা হলেও কোনো সমঝোতা হয়নি।সূত্র জানায়, মজুরি বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধি দাবি করেছেন, ন্যূনতম মজুরি হতে হবে মাসে অন্তত ছয় হাজার ২০০ টাকা বা ৯০ ডলার। আর মালিকেরা দিতে চান এক হাজার ৯৮৯ টাকা বা ২৯ মার্কিন ডলার। অর্থাৎ মালিকেরা সর্বশেষ ২০০৬ সালে নির্ধারিত ন্যূনতম মজুরি থেকে মাত্র ৩২৭ টাকা বেশি দিতে চান। তবে অনানুষ্ঠানিক প্রস্তাবে মালিকেরা সর্বশেষ দিতে চেয়েছেন দুই হাজার ৫০০ টাকা। ২০০৬ সালে ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা। ইউরোপভিত্তিক ইন্টারনেট পত্রিকা মেইল অনলাইন গত সোমবার বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকের দুরবস্থার সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। দীর্ঘ প্রতিবেদনে বস্তিতে বসবাস করা বাংলাদেশের একজন ১৪ বছরের নারী পোশাকশ্রমিকের জীবনযাপনের নানা দিক তুলে ধরা হয়।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রথম আলোর কাছে নিজের মত প্রকাশ করে বলেন, যেকোনো দেশের যেকোনো খাতে শ্রমিকের ন্যূনতম মজুরি সে দেশের অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক মানদণ্ডে নির্ধারিত হয়। একই সঙ্গে এর একটা ঐতিহাসিক ও নৈতিক ভিত্তিও থাকতে হবে। এখন আমেরিকার ন্যূনতম মজুরি বিবেচনায় বাংলাদেশের মজুরি নির্ধারণ করলে চলবে না। তবে শুধু শ্রমশক্তির পুনরুৎপাদন বিবেচনায় চারজনের এক পরিবারের বেঁচে থাকার জন্য এখন ন্যূনতম সাত হাজার ৪০০ টাকা প্রয়োজন। কিন্তু মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি এই টাকা দাবি করার সাহসও পাননি।ন্যূনতম মজুরি বোর্ডে মালিক প্রতিনিধি ও বিজিএমইএর সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, শ্রমিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন্য মজুরি সমন্বয় হওয়া উচিত। ’৯৩ সালের ১২ বছর পর নতুন মজুরিকাঠামো হয়েছিল। এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে শ্রমিকদের মজুরিকাঠামো পুনর্বিন্যাস করতে হবে।